২৭ অক্টোবর ২০২৬

জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল জব্দ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক জামায়াতে ইসলামী নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল জব্দ করেছে প্রশাসন। শনিবার দুপুরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে উপজেলার ইমান আলী বাজার সংলগ্ন একটি বাড়িতে অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়।

অভিযুক্ত আবদুস সামাদ চরজব্বার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমির বলে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, বেশ কিছুদিন ধরে আবদুস সামাদের বাড়িতে সরকারি চাল মজুদ করে রাখা হয়েছিল। পরে সেসব চাল বেশি দামে বিভিন্ন মানুষের কাছে বিক্রি করা হচ্ছিল।

বিষয়টি টের পেয়ে শনিবার স্থানীয় লোকজন ওই বাড়িতে যান। সেখানে একটি কক্ষে সরকারি বস্তাভর্তি চাল মজুদ অবস্থায় দেখতে পান তারা। পরে উত্তেজিত জনতা বিষয়টি উপজেলা প্রশাসন ও চরজব্বার থানা পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে দুপুরের দিকে প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৯৯ বস্তা সরকারি চাল জব্দ করে। তবে অভিযানের আগেই আবদুস সামাদ বাড়ি ছেড়ে গা ঢাকা দেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

এদিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলে অভিযুক্ত আবদুস সামাদ দাবি করেন, উদ্ধার হওয়া চাল তিনি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার একটি মাদ্রাসা থেকে কিনেছেন।

সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান বলেন, ‘স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ওই বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল পাওয়া গেছে। আপাতত চালগুলো প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘অভিযুক্ত ব্যক্তি যদি চালের বৈধ কাগজপত্র দেখাতে পারেন, তাহলে চাল ফেরত দেওয়া হবে। অন্যথায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আরও পড়ুন