বান্দরবান প্রতিনিধি »
নারী নির্যাতন মামলায় ঘটনার সাথে সম্পৃক্ত না থাকায় ১ হাজার ১ টাকায় জামিনে মুক্তি পেলেন প্রধান আসামি বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী।
বুধবার (২৬ জানুয়ারি) সকালে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক পরিচালনায় জামিনের আদেশ দেন।
রায়ের বিষয়ে আসামি পক্ষের আইনজীবী জেলা ও দায়রা জজ আদালতের অ্যাডভোকেট কৌশিক দত্ত বলেন, দোওয়ানি বিরোধকে কেন্দ্র করে হয়রানি পূর্বক ইচ্ছাকৃতভাবে এই মামলাটি দায়ের করা হয়েছে। মামলায় আদালতে তদন্ত কর্মকর্তার জমা দেয়া তদন্ত প্রতিবেদনে ঘটনা সংগঠিত হওয়ার সময়ের বিষয়ে এবং জমা দেয়া কল রেকর্ড যাচাই করে দেখা যায় ঘটনা সময় প্রধান আসামি পৌর মেয়র বান্দরবানের বাইরে ছিলেন এবং তার সাথে ঘটনার কোন সম্পৃক্ততা থাকার বিষয়ে কোন তথ্য প্রমাণ পাওয়া যায়নি। তাছাড়া মামলা করার সময় আসামির সম্পূর্ণ নাম এবং পরিচয় গোপন করে হয়রানির উদ্দেশে মামলাটি করা হয়েছে।
তিনি আরো বলেন, বিজ্ঞ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক এর বেঞ্চ সকল বক্তব্য শুনে মোহাম্মদ ইসলাম বেবীকে ১ হাজার ১ টাকা বন্ডের বিপরীতে চার্জ শুনানির তারিখ পর্যন্ত জামিন মঞ্জুর করেন।
মামলার বাদীনি পক্ষে নিয়োজিত আইনজীবী অ্যাডভোকেট কাজী মহতুল হোসাইন যত্ন জানান, আমরা মামলার বিরুদ্ধে জামিন আদেশ নামঞ্জুরের আবেদন করেছিলাম,বিজ্ঞ বিচারক আসামির শারীরিক অসুস্থতা সহ অন্যান্য বিষয় বিবেচনা করে অস্থায়ী জামিন প্রদান করেছেন।
উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক মো. ইসলাম, আশুতোষ, মো. নাছির উদ্দীন, ফরিদ উদ্দীনের বিরুদ্ধে আনীত অভিযোগটি আমলিতে গ্রহণ করেছেন মর্মে সত্য প্রমাণিত হয়েছে বলে আসামিদেরকে ওয়ারেন্ট ইস্যু করেন।












