২২ অক্টোবর ২০২৬

‘জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি মোছার নির্দেশ দিইনি’— সিটি মেয়র শাহাদাত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন নগরীর কোথাও জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গ্রাফিতি মুছে ফেলার কোনো নির্দেশনা দেওয়া হয়নি বলে জানিয়েছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে জুলাই আন্দোলনের গ্রাফিতি অপসারণ নিয়ে আলোচনা-সমালোচনার প্রেক্ষাপটে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানান তিনি।

বিবৃতিতে মেয়র বলেন, চট্টগ্রামকে পরিচ্ছন্ন, সবুজ ও স্বাস্থ্যসম্মত নগরীতে রূপান্তরের লক্ষ্যে সিটি কর্পোরেশন কাজ করছে। একই সঙ্গে নগরীর সৌন্দর্যবর্ধন, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডকে উৎসাহ দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, কোনো শিল্পকর্ম, শিক্ষামূলক কিংবা সামাজিক সচেতনতামূলক গ্রাফিতি অপসারণের জন্য মেয়রের পক্ষ থেকে কোনো পৃথক নির্দেশ দেওয়া হয়নি।

বিশেষ করে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গ্রাফিতি অপসারণের বিষয়টি ‘মোটেও নয়’ বলে উল্লেখ করেন তিনি।

বিবৃতিতে আরও জানানো হয়, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কোনো বিভাগ বা শাখাও গ্রাফিতি মোছার কার্যক্রম পরিচালনা করেনি। এ বিষয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন