সম্পাদকীয় »
মহামারি আবহেই শুরু হয়েছিল ২০২১ সাল।নানা ঘটনার মধ্য দিয়ে কেটেছে বছরটি। সেই পুরাতন ক্যালেন্ডার বদলে নতুন ক্যালেন্ডার সুচনা হলো আজ। নতুন বছর মানে নবযাত্রা।বুক পাতছি; নতুন বছরের পদধ্বনি হোক বিপদ-দুর্ঘটনা-অসুখ মুক্ত। স্বাগত-২০২২।
বিদায়-২০২১। ভালোয়-মন্দয় মিলিয়ে চলে গেল ২০২১ সালটি। পুরনো বছরের সংশয়, সঙ্কট, উদ্বেগ কাটিয়ে উঠে নতুন ভাবনা নতুন আশায় নতুন করে দিনযাপনের শুরু আজ থেকে। স্বাধীনতার ৫০ বছর পূর্ণ করে বাংলাদেশ।
নতুন বছর মানে নবযাত্রা। নতুন করে পুরনো সমস্যা মোকাবেলা করে সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার পালা। খ্রিস্টীয় নতুন বছরের প্রথম প্রভাতে জনপ্রিয় নিবন্ধন প্রাপ্ত অনলাইন নিউজপোর্টাল বাংলাধারা ডটকম’র অগণিত পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন।
২০২১ সালটি ছিল বাংলাদেশের সুবর্ণজয়ন্তী ও জাতির পিতার জন্মশতবার্ষিকীর বছর। বছরের শেষ দিন পদ্মা সেতুতে হাঁটলেন প্রধানমন্ত্রী।প্রথমবারের মতো বিশ্বকাপ ক্রিকেট খেলার যোগ্যতা অর্জন করে সবার নজর কেড়েছে নারী ক্রিকেট দল।
অনেকগুলো সুখবরের ভেতর ২০২১ সাল দেশের মানুষের জন্য ছিল অস্থিরতার বছর। মেগা প্রকল্পের উন্নয়নের ধারা অব্যাহত থাকলেও নানাবিধ সংকট, সংশয়, অস্থিরতা, অঘটন, উত্তেজনা, অনিশ্চয়তা, ভোগান্তি, বিতর্ক, প্রাপ্তি-অপ্রাপ্তি আর বৈশ্বিক মহামারি করোনা আতঙ্কের মধ্যদিয়ে কেটে গেছে আরেকটি বছর।
মানুষের জীবন-জীবিকার সংগ্রামের মধ্যেই নিম্নবিত্ত থেকে নিম্নমধ্যবিত্তের দেশে রুপান্তর, উন্নয়নের মহাসড়কে ছুটে চলা, বিশ্ব অর্থনীতিতে সামনের কাতারে আসা, রেমিট্যান্স রেকর্ড, মাথাপিছু আয় বৃদ্ধিতে ছিল নতুন চমক। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর নির্মাণ সম্পন্ন, চীনের সহায়তায় ঢাকায় মেট্রোরেল, চট্টগ্রামে কর্ণফুলি নদীর দলদেশে ট্যানেল, পাবনায় পারমানবিক বিদ্যুৎ চুল্লিসহ বড় বড় প্রকল্প বাস্তবায়ন; নতুন নতুন মেগা প্রকল্প গ্রহণের মাধ্যমে উন্নয়নের স্রোতধারা অব্যাহত থাকে। পাশাপাশি মাঠের রাজনীতি নিস্তেজের মধ্যেই বিভিন্ন ইস্যুতে হঠাৎ হঠাৎ উত্তাপ, রাজনৈতিক হানাহানি, ইউনিয়ন পরিষদ নির্বাচনী সহিংসতায় প্রাণহানি, ডিজেলের দাম বৃদ্ধিতে জনগণের ভোগান্তি, ভাড়া বৃদ্ধির নামে নৈরাজ্যকর পরিবহন খাত, শিক্ষার্থী আন্দোলন, পণ্যমূল্য বৃদ্ধি, প্রাকৃতিক দুর্যোগ, পূজামন্ডপে পবিত্র কোরআন অবমাননতা ইস্যুতে সংঘাত-প্রাণহানি, সড়ক ও নৌদুর্ঘটনার মিছিল, দেশের আইনশৃঙ্খলা বাহিনীর ৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে আমেরিকায় নিষিদ্ধ ঘোষণা, অথিকথনের কারণে কয়েকজন মেয়রকে বরখাস্ত, একজন প্রতিমন্ত্রীর ইসলাম ও নারী বিদ্বেষী কথাবার্তা এবং সিনেমার নায়িকাকে ধর্ষণের হুমকিতে পদত্যাগে বাধ্য হওয়া ইত্যাদিতে কেটেছে বছরটি। বছরজুড়েই ভোট-গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন এবং দেশি-বিদেশি গণমাধ্যমে বিতর্ক। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে আন্দোলন। বিপরীতে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড গণমাধ্যমের পাতাজুড়ে ছিল।
বিদায়ী বছরের ব্যর্থতাকে সরিয়ে রেখে নতুন বছরে নতুনভাবে শুরু হলো পথচলা। নতুন বছরে নতুন স্বপ্ন দেখে শান্তি, স্বস্তি, কল্যাণ ও সমৃদ্ধির জন্য নতুন করে আশায় বুক বেঁধেছে বাংলাদেশ। নতুন বছর, নতুন সূর্যের আলো এনে রোগের সেকেলে দৈন্য থেকে যেন মুক্ত করে এই পৃথিবীকে। ২০২২ সালকে বলা হচ্ছে বাংলাদেশের জন্য উজ্জ্বল সম্ভাবনাময়।
বাংলাদেশের বিভিন্নখাতে অগ্রসরের ধারা অব্যাহত থাকবে। যোগাযোগ ও প্রযুক্তিগত দিক থেকে সাফল্য আসবে। শিক্ষাখাতে নতুন সিদ্ধান্ত ইতিবাচক ভূমিকা রাখবে। প্রশাসনিক দক্ষতা ও সাফল্য বৃদ্ধি পাবে। সৃজনশীল বিষয়ে উন্নতি ক্রমান্বয়ে বিকশিত হবে। চিকিৎসা সংক্রান্ত বিষয়েও সাফল্যের ইঙ্গিত রয়েছে।
নতুন বছরে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এটাই প্রত্যাশা। জীর্ণ পুরাতন যাক ভেসে যাক। নতুন আনন্দে জেগে উঠুক পৃথিবী। হাসুক অনাবিল।














