লোহাগাড়া প্রতিনিধি »
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে সারাদেশের মতো চট্টগ্রামের লোহাগাড়ায় গত বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত টানা দু’দিনের বৃষ্টিতে ফসলের মাঠে পানি জমে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।
তবে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে আমন ধান চাষিরা। উপজেলার নয়টি ইউনিয়নের বেশিরভাগ এলাকায় জমিতে পানি জমে আমন ক্ষেত নষ্ট হওয়ার পথে। নিচু এলাকার জমিতে পানি জমে হেলে পড়েছে আমন ধানের ক্ষেত। ফলে কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে কৃষকদের।
কৃষকেরা জানায়, গাছে ধান ধরেছে।কিছু অংশে ধান পাকতে শুরু করেছে। কিছুদিন পরই এসব ধান কাটা হতো। তবে দু’দিনের অতি থেকে ভারী বৃষ্টিপাতের কারণে ধান ক্ষেতের কিছু অংশ হেলে পড়েছে। জমিতে জলাবদ্ধতার ফলে হেলে পড়া ধান ক্ষেত নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তারা।
লোহাগাড়া উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ মনিরুল ইসলাম বলেন, এ বছর আমন ধান চাষের লক্ষ্যমাত্রা ছিলো ১১ হাজার ৫৫ হেক্টর জমিতে। এরমধ্যে টানা বৃষ্টিতে প্রায় ৫ হেক্টর জমির আমন ক্ষেত নষ্ট হয়েছে। তবে পানি সরে গেলে বিস্তারিত ক্ষয়ক্ষতির পরিমান জানা যাবে।
বাংলাধারা/এফএস/এএ












