কক্সবাজার প্রতিনিধি »
কক্সবাজারের টেকনাফের জালিয়ারদ্বীপ এলাকায় অভিযান চালিয়ে ক্রিস্টাল মেথ (আইস) ও ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে।
শনিবার (২ এপ্রিল) ভোররাতে জালিয়ারদ্বীপের নাফনদীর সীমান্তে এ অভিযান চালানো হয় বলে নিশ্চিত করেন টেকনাফ-২ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।
আটকরা হলো— মিয়ানমারেট মংডু’র মো. সিরাজ উদ্দিনের ছেলে মো.জুবায়ের আহমদ (২২) ও একই এলাকার মৃত আব্দুল গনির ছেলে মো. রফিক (২৩)। এসময় তাদের কাছ থেকে ৫৪ হাজার পিস ইয়াবা ও ১ কেজি ৬৯ গ্রাম ক্রিস্টাল মেথ আইস জব্দ করে।
টেকনাফ-২ বিজিবি’র অধিনায়ক জানান, গোপন সংবাদে খবর আসে শনিবার ভোর রাতে জালিয়ারদ্বীপ এলাকা নাফ নদীর সীমান্ত দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার হতে বাংলাদেশে ঢুকতে পারে । এ খবরে টেকনাফ সদর ব্যাটালিয়ন ও দমদমিয়া বিওপি হতে দুইটি বিশেষ টহল জালিয়ারদ্বীপে কৌশলগত অবস্থান নেয়।
বিজিবি’র টহলদল একটি নৌকাকে মিয়ানমারের শোয়ারদ্বীপ এলাকা থেকে নাফ নদী পার হয়ে বাংলাদেশের অভ্যন্তরে জালিয়ার দ্বীপের দিকে আসলে নৌকাটি থামানোর সংকেত দেয়। তখন একজন পালিয়ে গেলেও দু’জনকে আটক করা হয়।
পরবর্তীতে নৌকাটি তল্লাশি করে নৌকার ভিতরে পাটাতনের নিচে একটি বস্তার ভিতরে লুকায়িত ১কেজি ৫৯ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ৫৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় অবৈধ অনুপ্রবেশ ও মাদক বহনের দায়ে আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।












