দেশের নিরাপত্তা নিশ্চিতকরণ ও অপরাধ দমনের লক্ষ্যে নিয়মিত অভিযান ও টহল কার্যক্রমের অংশ হিসেবে কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। অভিযানে প্রায় ১১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
নৌবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার (৮ মার্চ) টেকনাফে মোতায়েনকৃত নৌবাহিনীর একটি কন্টিনজেন্ট হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মাদক কারবারিদের একটি আস্তানায় তল্লাশি চালিয়ে সাদা রঙের দুটি বস্তা উদ্ধার করা হয়।
পরে বস্তাগুলো তল্লাশি করে মোট ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ কোটি ৫০ লাখ টাকা। উদ্ধারকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
নৌবাহিনী জানায়, দেশব্যাপী অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে দায়িত্বপ্রাপ্ত এলাকাগুলোতে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম পরিচালনা করে আসছে। পাশাপাশি দেশের উপকূলীয় এলাকাকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।












