বাংলাধারা ডেস্ক »
চট্টগ্রাম নগরীর সিরাজউদ্দৌল্লা রোডে সিএনজি অটো টেম্পুর ধাক্কায় মো. ইব্রাহিম (৫৫) নামে বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত ইব্রাহিম চট্টগ্রাম কলেজের গণিত বিভাগের অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন।
শুক্রবার (১৪ জানুয়ারি) রাত ১২ টায় চট্টগ্রাম কলেজের হোস্টেল পূর্ব গেইটের সিরাজউদ্দৌল্লা রোডে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, রাতে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটা দ্রুত গতির টেম্পুর ধাক্কায় দূরে ছিটকে পড়েন ইব্রাহিম। এসময় তার মাথা থেকে রক্ত পড়া শুরু হলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান বলেন, গতকাল (শুক্রবার) রাতে কলেজ হোস্টেলের পূর্ব গেইটে একটি দুর্ঘটনায় একজন নিহত হন। তাৎক্ষণিকভাবে আমরা ঘাতক টেম্পুকে আটক করতে পারলেও চালক পালিয়ে যায়। এই ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে।












