বাংলাধারা ডেস্ক
পবিত্র রমজান উপলক্ষে নিম্ন আয়ের মানুষ এবং হাসপাতালের রোগীর স্বজনদের জন্য ব্যতিক্রমী এক দোকান চালু করেছে পুলিশ। দোকান হলেও এখানে ইফতার ও সেহেরির জন্য কোন টাকা লাগবে না! বিনামূল্যে ইফতার ও সেহেরির এ দোকানের নাম দেওয়া হয়েছে ‘ফ্রি ইফতার এন্ড সেহেরি শপ’। নগরীর ডবলমুরিং থানার উদ্যোগে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সামনে মাসব্যাপী এ আয়োজনের ব্যবস্থা করা হয়।
বুধবার (১৪ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) আব্দুল ওয়ারীশ আনুষ্ঠানিকভাবে মাসব্যাপী এ আয়োজনের উদ্বোধন করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) পলাশ কান্তি নাথ, সহকারি কমিশনার শ্রীমা চাকমা, মা ও শিশু হাসপাতালের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মো. মোরশেদ হোসেন, হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. নুরুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) আব্দুল ওয়ারীশ বলেন, ‘রোজায় হাসপাতালে রোগীর সাথে থাকা স্বজনরা ইফতার ও সেহেরির জন্য কষ্ট পান। আবার লকডাউনের কারণে নিম্ন আয়ের মানুষেরও কিছুটা কষ্ট হচ্ছে। তাদের কষ্ট কিছুটা লাঘবের চেষ্টায় এই উদ্যোগ। আমরা চাই আমাদের এই উদ্যোগে অন্যরাও উৎসাহিত হোক, এগিয়ে আসুক।’
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, দুই পর্যায়ে কাজ করবে এই ‘ফ্রি ইফতার এন্ড সেহেরি শপ’। প্রথম পর্যায়ে তৈরি ইফতার ও সেহেরি বিতরণ করা হচ্ছে। একই সময়ে দ্বিতীয় পর্যায়েরও প্রস্তুতি চলছে। এই পর্যায়ে ইফতার ও সেহেরি সামগ্রী বিনামূল্যে প্রদান করবে এই শপ। প্রাথমিক পর্যায়ে প্রতিদিন ৩০০ মানুষের ইফতার ও সেহেরির ব্যবস্থা করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী এটা আরও বাড়ানো হবে। ডবলমুরিং থানার এই উদ্যোগে অর্থায়ন করছে থানার কর্মকর্তারাই।
তবে অন্য যে কেউ চাইলেই মাসব্যাপী এই উদ্যোগে অন্তর্ভুক্ত হতে পারবেন বলে জানিয়েছেন ওসি মহসীন।
বাংলাধারা/এফএস/এআই












