১৪ মার্চ ২০২৬

ডেঙ্গু জ্বরে হবিগঞ্জের সিভিল সার্জনের মৃত্যু

বাংলাধারা ডেস্ক »

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হবিগঞ্জের সিভিল সার্জন ডা. মো. শাহাদৎ হোসেন হাজরা (৫৩) মারা গেছেন।

রবিবার (২১ জুলাই) রাত সোয়া ১০টার দিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার গ্রামের বাড়ি পিরোজপুর জেলায়। রবিবার দিবাগত রাত ২টায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন অফিসের প্রশাসনিক কর্মকর্তা মো. শাহ আলম।

এর আগে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা রাত সোয়া ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিলেন হবিগঞ্জের সিভিল সার্জন ডা. মো. শাহাদৎ হোসেন হাজরা। রবিবার সকালে কার্যালয়ে এসে দায়িত্ব পালন করেন। পরে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে সমন্বয় সভায় অংশ নেন। এক পর্যায়ে অসুস্থবোধ করলে তিনি সেখান থেকে চলে যান।

এরপর তাকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বিকার ৪টার দিকে শারীরিক অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে ঢাকায় পাঠান। রাত সোয়া ১০টার দিকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গত ৯ জুলাই পদোন্নতি পেয়ে হবিগঞ্জের সিভিল সার্জন হিসেবে যোগদান করেন তিনি।যোগদানের ১৩ দিনের মাথায় মারা গেলেন জেলার স্বাস্থ্য বিভাগের এই প্রধান কর্মকর্তা।

উল্লেখ্য, এবার ডেঙ্গু জ্বরের প্রকোপ বিগত বছরগুলোর চেয়ে অনেক বেশি। তীব্রতাও বেশ। প্রতিবছর বর্ষাকালে, এপ্রিল-মে থেকে সেপ্টেম্বর-অক্টোবর অবধি চলে ডেঙ্গুর প্রকোপ। এ বছর ইতোমধ্যেই ডেঙ্গু রাজধানীবাসীকে আতঙ্কিত করে তুলেছে।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ