বাংলাধারা ডেস্ক »
স্বাস্থ্য অধিদফতরের দৈনিক প্রতিবেদনে অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজধানীর সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৫৩৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ১১ জন রোগী।
প্রতিবেদনে বুধবার (২৪ জুলাই) সকাল ৮ থেকে বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ৮ পর্যন্ত এই ২৪ ঘণ্টার হিসাব তুলে ধরা হয়।
প্রতিবেদনে জানানো হয়, মোট ৫৪৭ জন রোগীর মধ্যে ঢাকার বাইরে চট্টগ্রাম বিভাগে ৯ জন, খুলনা বিভাগে ১ জন ও বরিশাল বিভাগে একজন রোগী ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন।
ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৫৩৬ জন। এদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ১১২ জন, মিডফোর্ট হাসপাতালে ৫৮ জন, ঢাকা শিশু হাসপাতাল ২৭ জন , শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল ৬৩ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়াও হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে ৩২ জন, বারডেম হাসপাতালে ১০ জন, রাজারবাগ পুলিশ হাসপাতালে ১৮ জন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ৪২ জন ও পিলখানা বিজিবি হাসপাতালে ভর্তি হয়েছেন ৭ জন রোগী।
প্রতিবেদনে জানানো হয়, ঢাকা শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে নতুনভাবে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৬৭ জন রোগী। এদের মধ্যে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ২২ জন, ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জন, স্কয়ার হাসপাতালে ১১ জন, সেন্ট্রাল হাসপাতালে ২৬ জন, কাকরাইল ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ১৯ জন, ইউনাইটেড হাসপাতালে ১৫ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। এছাড়াও খিলগাঁও খিদমা হাসপাতালে ১১ জন, সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন, সালাউদ্দিন হাসপাতালে ১৩ জন, পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ১৯ জন রোগী ভর্তি হয়েছেন।
রিপোর্টে দেখা যায়, চারটি সরকারি হাসপাতাল এবং ২৫টি বেসরকারি হাসপাতালে নতুন কোনো রোগী ভর্তি হন।
এদিকে, গত জানুয়ারি থেকে গতকাল (২৪ জুলাই) পর্যন্ত চট্টগ্রামে মোট ৩৪ জনের ডেঙ্গু আক্রান্তের তথ্য পাওয়া গেছে।
জুলাই মাসে চট্টগ্রামে হঠাৎ ডেঙ্গুর প্রকোপ বাড়লেও এখনো রাজধানী ঢাকার মতো মহামারী বা আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি হয়নি বলে দাবি করেছেন সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী।
তাছাড়া চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত রোগীর অধিকাংশই সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন জানিয়ে সিভিল সার্জন বলেন, ঢাকায় কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বেশ কয়জনের মৃত্যুর খবর আমরা শুনেছি। তবে চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হলেও এখনো পর্যন্ত মৃত্যুর খবর আমরা পাইনি। সে হিসেবে, ডেঙ্গু নিয়ে চট্টগ্রামে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দেন সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম












