বাংলাধারা প্রতিবেদন »
আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে রোববার উড়াল দিয়েছেন দেশের শোবিজ অঙ্গনের ৯ তারকা। আজ তাদের সাথে যোগ দেয় চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা।
সোমবার (২৫ জানুয়ারি) দুপুরে ‘জয় বাংলা, জিতবে এবার নৌকা’, ‘শেখ হাসিনার সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন’ স্লোগান দিয়ে তারকারা ফের মুখর করে তুললেন নগরের গুরুত্বপূর্ণ বেশ কিছু এলাকা।
এ সময় সেলফি তুলে ভক্তদের আবদার মেটানোর পাশাপাশি চাটগাঁইয়া ভাষায়, গানের সুরে নৌকায় ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন তারা।
সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর পক্ষে চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌস, সায়মন, চিত্রনায়িকা পূর্ণিমা, অরুণা বিশ্বাস, অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ, তানভীন সুইটি ভোট চেয়ে এই প্রচারণা চালান।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার উদ্যোগে এই নির্বাচনী প্রচারণা চালানো হয়।
ভক্তদের উদ্দেশে ফেরদৌস আহমেদ বলেন, আমি শেখ হাসিনাকে ভালোবাসি। আমি নৌকাকে ভালোবাসি। আপনাদের প্রতি অনুরোধ, আপনারাও শেখ হাসিনাকে ভালোবেসে নৌকায় ভোট দিন। নৌকার প্রার্থী রেজাউলকে জয়ী করুন।
চিত্রনায়িকা পূর্ণিমা বলেন, আমি চট্টগ্রামের মেয়ে। গত এক যুগে চট্টগ্রামের পরিবর্তন আমি নিজ চোখে দেখেছি। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে নৌকার প্রার্থীকে ভোট দিতে হবে। রেজাউল ভাইকে জয়ী করতে হবে।
বাংলাধারা/এফএস/এআর






