রাঙামাটি প্রতিনিধি »
পাহাড়ে বিভিন্ন প্রকল্পের দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্তে রাঙামাটির জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. রোকনুজ্জামানকে তার নিজ কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন(দুদক) রাঙামাটিস্থ সমন্বিত কার্যালয়ের একদল কর্মকর্তা।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় দুদকের সহকারি পরিচালকের নেতৃত্বে ঘণ্টাব্যাপী এই অভিযান চলে।
এসময় দুদকের পক্ষ থেকে রাঙামাটি জেলার দশ উপজেলায় বাস্তবায়নকৃত-বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পের ফাইল তলব করা হয়।
দুদকের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ত্রাণ ও পুনর্বাসন অফিসের অধীনে জেলার ১০টি উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের মাধ্যমে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন হয়েছে এবং চলমান রয়েছে। ইতোমধ্যে সেসব প্রকল্পগুলো নিয়ে নানা রকম অনিয়ম-দূর্নীতির অভিযোগ উঠেছে। তাই বিষয়টি আমলে নিয়ে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রুকনুজ্জামানের কার্যালয়ে এই অভিযান পরিচালনা করা হয় বলে জানান দুদকের দায়িত্বশীল।
দুদক সূত্র জানায়, ‘এসময় আমরা তার সাথে রাঙামাটিতে চলমান উন্নয়ন প্রকল্প, বাস্তবায়ন হওয়া এবং বাস্তবায়নাধীন প্রকল্পগুলো নিয়ে জানতে চেয়েছি। এসমস্ত প্রকল্প ও বরাদ্ধের ফাইলগুলো তার অনুমতিক্রমে তার কাছ থেকে আমরা নিয়ে নিয়েছি।’
ফাইলগুলো যাচাই-বাছাই করার পাশাপাশি সংশ্লিষ্ট উপজেলাগুলোতে সরেজমিনে গিয়ে তদন্ত করবে দুদক। এরপর বিষয়টি লিখিত আকারে দুদক কেন্দ্রীয় কার্যালয়ে প্রেরণ করা হলে সেখান থেকে প্রাপ্ত নির্দেশনা অনুসারে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির একজন সহকারী পরিচালক।
বাংলাধারা/এফএস/এএ












