২৭ মার্চ ২০২৬

দক্ষিণ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় আজ ঈদ উদযাপন

বাংলাধারা ডেস্ক »

সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ বৃহস্পতিবার দেশের একাধিক জেলার বিভিন্ন স্থানে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে। চট্টগ্রাম, দিনাজপুর, শরীয়তপুর, মৌলভীবাজার, মাদারীপুর, চাঁদপুর, ফরিদপুরসহ দেশের কয়েক জেলার বিভিন্ন স্থানের মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দক্ষিণ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর পালন করছেন মির্জাখীল দরবারের অনুসারীরা। আজ বৃহস্পতিবার সকালে চন্দনাইশ শাহসুফী মমতাজিয়া দরবার শরীফে দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

ঈদের প্রথম জামাতে ইমামতি করেন মাওলানা মো. আলী এবং দ্বিতীয়  জামায়াতে ইমামতি করেন শাহজাদা মনজুর আলী।

এ ছাড়া সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন চন্দনাইশের কাঞ্চননগর ও সাতকানিয়া পটিয়া, বাশখালী, আনোয়ারা, বোয়ালখালী ও লোহাগাড়া উপজেলার অর্ধশতাধিক গ্রামের কয়েক হাজার মানুষ।

সৌদি আরবের সঙ্গে সঙ্গতি রেখে দিনাজপুরে আজ ঈদ উদযাপন করছে প্রায় দেড় হাজার পরিবার। দিনাজপুর সদর, চিরিরবন্দর, বিরল, কাহারোল, বিরামপুর উপজেলাসহ বেশকিছু এলাকায় আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে আজ পবিত্র ঈদ পালন করেছে শরীয়তপুরের ৩০ গ্রামের হাজার হাজার মানুষ।

মৌলভীবাজারে শতাধিক পরিবার আজ ঈদ পালন করছে। আজ সকাল ৭টায় মৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকায় আহমেদ শাবিস্তা নামের একটি বাসার ছাদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

মাদারীপুরের চারটি উপজেলার ৩০ গ্রামের প্রায় ৪০ হাজার সুরেশ্বরী মুরিদ ঈদুল ফিতর উদযাপন করছেন। জেলার বেশকিছু স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হলেও প্রধান ও বড় জামাত অনুষ্ঠিত হয়েছে সদর উপজেলার তাল্লুক গ্রামের চরকালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। আজ সকাল সাড়ে ৯টায় এ জামাত অনুষ্ঠিত হয়।

চাঁদপুরের পাঁচ উপজেলায় ৪০টি গ্রামে আজ ঈদ উদযাপন করা হচ্ছে। মুসল্লিরা দলে দলে ঈদগাহ ময়দানে ছুটে এসে ঈদের নামাজ আদায় করে।

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ১৩ গ্রামে ঈদ অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ৯টায় এবং ১০টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

এ ছাড়া উপজেলার শেখর ও রুপাপাত ইউনিয়নের ১৩টি গ্রামের মানুষ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে একদিন আগে রোজা রাখা শুরু করে। ওই ১৩ গ্রামের অগনতি মানুষ আজ ঈদ উদযাপন করছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন