বাংলাধারা ডেস্ক »
রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা, শিলক, পদুয়া ও কোদালা ইউনিয়ন নিয়ে নবগঠিত ‘দক্ষিণ রাঙ্গুনিয়া থানা’ উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
শনিবার (৯ এপ্রিল) বেলা ১২ টায় দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি উদ্বোধন ঘোষণা করেন। এর আগে তথ্যমন্ত্রীকে লাল গালিচা অভ্যর্থনা দেয় দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ।
উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, আজকে রাঙ্গুনিয়াবাসীর জন্য অত্যন্ত আনন্দের দিন। তাদের দীর্ঘ দিনের দাবি ছিল এখানে একটি থানা হোক। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করে, অন্যান্য প্রশাসনিক ধাপ অতিক্রম করে অবশেষে আজকে এ থানা আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে যাচ্ছে।
তিনি বলেন, এই দক্ষিণ রাঙ্গুনিয়া কর্ণফুলী নদীর পাশে, এখানে ১ লাখ ৬০ হাজার মানুষের বসবাস। রাঙ্গুনিয়া থানায় গিয়ে দক্ষিণ রাঙ্গুনিয়াবাসীর সেবা গ্রহণ করা দুঃসাধ্য ব্যাপার ছিল। দুর্গম বিশাল এলাকা বলে এখানে পুলিশ অপরাধ নিয়ন্ত্রণে হিমশিম খেত। অপরাধীরা পাহাড়ে পালিয়ে যেত। দক্ষিণ রাঙ্গুনিয়া থানা প্রতিষ্ঠা অত্যন্ত প্রয়োজন ছিল। এতে করে রাঙ্গুনিয়াবাসীর জন্য পুলিশি সেবা আরও সহজতর হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. রশিদুল হক, দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি ওবায়দুল ইসলাম ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
এসময় কথা হয় দক্ষিণ রাঙ্গুনিয়া থানার সামনে ভিড় করা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। তারা বলছেন, দক্ষিণ রাঙ্গুনিয়া থানা গঠনের মধ্য দিয়ে তাদের দীর্ঘ দিনের প্রত্যাশা পূরণ হয়েছে। তারা এখন ঘরের কাছে পুলিশের সেবা পাবেন। আজ তাদের জন্য সত্যিই আনন্দের দিন।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানা প্রতিষ্ঠা করায় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।












