সায়ীদ আলমগীর, কক্সবাজার»
দলের পদ বিক্রয়কারিরা পতিতা ব্যবসায়ীদের চেয়ে অধম উল্লেখ করে আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল-মাহমুদ স্বপন এমপি বলেছেন, সবসময় দলের জন্য কাজ করেছে- কিন্তু যে কর্মীর চুলায় আগুন জ্বলে না আমরা তাদের মূল্যায়ন করি না। আমরা নেতাদের তেল মারার জন্যে বড় বড় সাইনবোর্ড টাঙায়; মাঝে মাঝে বিশেষ কিছু দিই। আর যা দেই- তা তুলতে কমিটির পদগুলো বিক্রি করা হয়। যারা দলের পদ বিক্রি করে তারা পতিতা ব্যবসায়ীদের চেয়ে নিকৃষ্টতম চরিত্রের। পদ বিক্রয়কারীদের আওয়ামী লীগে না থাকায় শ্রেয়।
বৃহস্পতিবার (২৪ মার্চ) কক্সবাজার পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বপন আরো বলেন, কক্সবাজার অনেক উর্বর এলাকা। এখানে হাত বাড়ালে টাকার হাতছানি। পকেটে নিয়ে খুচরা বিক্রি করলেও অনেক টাকা মিলে। বিশেষ ব্যবসাও করতে পারবেন। কিন্তু কোনোভাবেই দলের পদ বিক্রি করবেন না। রাজনীতি বিক্রি করে টাকা কামাই ভিক্ষাবৃত্তির চেয়েও জগণ্য।
টকশোর সমালোনা করে স্বপন বলেন, রাজনৈতিক সংস্কৃতি ধ্বংস ও রাজনীতিকদের চরিত্র হনন করতেই টকশোর সূচনা হয়েছে। একটি বেকার গোষ্ঠী এটি করছে। আর সেখানে বেকারদের আড্ডা বসে। আমিও না বুঝে প্রথম দিকে এসব টকশোতে বসে বেকারদের সাথে আড্ডা মারতাম।
কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলামের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক উজ্জ্বল কর’র সঞ্চালনায় ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দলের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক এড. সিরাজুল মোস্তফা, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন। এছাড়াও স্থানীয় সংসদ সদস্যবৃন্দ ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এতে বক্তব্য রাখেন।
উল্লেখ্য, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে লক্ষ্য করে সারাদেশে তৃণমূল আওয়ামী লীগকে সুসংগঠিত করা হচ্ছে। সম্মেলন ও কাউন্সিল কর হচ্ছে মেয়াদোত্তীর্ণ কমিটির। সেই ধারাবাহিকতায় দীর্ঘ ৯ বছর পর কক্সবাজার পৌর আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ ২০১৩ সালের ৩০ জানুয়ারি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা কক্সবাজার পৌর আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিল অধিবেশন হয়েছিলো।












