চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী স্কুল রোডস্থ দারুল ইহসান হিফজুল কুরআন মাদরাসায় হিফজ সম্পন্নকারী ছাত্রদের দস্তারে ফজিলত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ ফেব্রুয়ারি) উপজেলার কালাবিবির দীঘির মোড়স্থ পার্ক ২৪ কমিউনিটি সেন্টারে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দস্তারে ফজিলত (পাগড়ী প্রদান) ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় সদ্য হিফজ সম্পন্নকারী নয়জন হাফেজে কুরআন শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে পাগড়ী ও সম্মাননা প্রদান করা হয়।
মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মারুফুল ইসলামের সভাপতিত্বে এইচ এম আব্দুল আজিজ ফয়সালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বখতিয়ার পাড়া তারতীলুল কুরআন মাদরাসার সদরে মুহতামিম আল্লামা ক্বারী ইসহাক সাহেব।
এতে বক্তারা হাফেজে কুরআনের মর্যাদা, কুরআন হিফজের ফজিলত এবং কুরআনভিত্তিক জীবন গঠনের গুরুত্ব সম্পর্কে তাৎপর্যপূর্ণ আলোচনা তুলে ধরে বলেন, হাফেজে কুরআনগণ আল্লাহ তায়ালার বিশেষ নেয়ামতপ্রাপ্ত বান্দা। তাঁদের মাধ্যমেই কিয়ামত পর্যন্ত পবিত্র কুরআনের হিফাজত অব্যাহত থাকবে। তাই হাফেজে কুরআনদের যথাযথ সম্মান ও কদর করা সমাজের নৈতিক দায়িত্ব।
মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মারুফুল ইসলাম বলেন, সকলের সহযোগিতায় অত্র প্রতিষ্ঠান থেকে এ যাবৎ ১২৫ জন ছাত্র হিফজ সমাপ্ত করে মাদরাসা থেকে বিদায় নিয়েছেন। আজকে ৯ জন হিফজ সমাপ্তকারী ছাত্রকে মাদরাসার পক্ষ থেকে পাগড়ী ও সনদ প্রদান করে সসম্মানে বিদায় দেওয়া হয়। শিক্ষার্থীরা থানা, বিভাগীয় ও জাতীয় প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে অংশগ্রহণ করে সাফল্য অর্জন করে আসছে। ভবিষ্যতে সকলের সহযোগিতা ও পরামর্শে আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করব, ইনশাআল্লাহ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা কৈখাইন এশায়াতুল উলুম মাদরাসার পরিচালক মাও. আব্দুল আলিম, আশিয়া বায়তুন নুর মাদরাসার পরিচালক মাও. আনোয়ার, ব্যবসায়ী ও শিক্ষানুরাগী জাহাঙ্গীর আলম সাহেব, মোহাম্মদ হাশেম সওদাগর, বখতিয়ার পাড়া তারতীলুল কুরআন মাদরাসার সিনিয়র শিক্ষক মাও. ক্বারী আবু বকর, হাফেজ মাও. ইউনুস সাহেব, শানে সাহাবা খতিব ফাউন্ডেশন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি হাফেজ মাওলানা হামিদ হোসাইন আজিজি সাহেব, জয়েন্ট সেক্রেটারি মাওলানা সৈয়দ নূর আনোয়ারী সাহেব, আনোয়ারা প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মাওলানা ফুরকান মাহমুদ সাহেব, সিনিয়র উপদেষ্টা মাও. মোকাদ্দেস হোসাইন তোরাবী সাহেব, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ আনোয়ারা শাখার সভাপতি হাফেজ মুহাম্মদ মহিউদ্দিন সাহেব, আনোয়ারা প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের উপদেষ্টা হাফেজ মাও. আলাউদ্দীন সাহেব, সহ-সভাপতি হাফেজ শহিদুল্লাহ সাহেব, সেক্রেটারি সাংবাদিক এইচ এম মহিউদ্দিন মনজুসহ বিভিন্ন মাদরাসার মুহতামিম, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীদের অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দ।
আলোচনা শেষে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের মাথায় পাগড়ী পরিয়ে দস্তারে ফজিলত প্রদান করা হয়। পরিশেষে দেশ, জাতি, উম্মাহ ও মাদরাসার সার্বিক কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।













