৩০ মার্চ ২০২৬

দীঘিনালায় খাদ্যবান্ধব কর্মসূচীর ৭০ বস্তা চাল কালোবাজারে

খাগড়াছড়ি প্রতিনিধি »

খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচী আওতায় ১০টাকা দরে ৭০বস্তা চাল কালোবাজারে বিক্রি করার অভিযোগ উঠেছে।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে দীঘিনালা উপজেলার মেরুং বাজার থেকে ৭০ বস্তা সরকারি চাল উদ্ধার করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ উল্ল্যাহ।

স্থানীয় সূত্রে জানা গেছে, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় নিযুক্ত ডিলার মো. জহির উদ্দিন ১০ টাকা মূল্যের চাল নির্ধারিত কার্ডধারীদের মাঝে বিতরণ না করে তা কালোবাজারে বিক্রি করে দেন। বিষয়টি গোপন সূত্রে জানতে পেরে মেরুং বাজারে অভিযান চালান দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্ল্যাহ। এ সময় একটি গুদাম থেকে ৭০ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়। যার পরিমাণ প্রায় ২১০০ কেজি।

মেরং বাজার পরিচালনা কমিটির সভাপতি কেএম ইসমাইল হোসেন বলেন, সোমবার দুপুরে ইউএনও এসে মেরুং বাজারের একটি বন্ধ গুদাম খুলে ৭০ বস্তা সরকারি চাল উদ্ধার করেন। এ সময় অবৈধভাবে সরকারি চাল কেনার অপরাধে মো. দেলোয়ার হোসেন দুলুকে আটক করা হয়। তবে চালের ডিলার মো. জহির উদ্দিন পলাতক।

দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ উল্ল্যাহ বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় নিযুক্ত ডিলার মো. জহির উদ্দিন ১০ টাকা মূল্যের চাল বিতরণ না করে কালোবাজারে বিক্রি করে দেন। এমন তথ্যের ভিত্তিতে মেরুং বাজারে অভিযান চালিয়ে ৭০ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা রুজু করা হবে বলেন জানান দিঘীনালা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ উল্ল্যাহ।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন