বাংলাধারা প্রতিবেদন »
ভারতের দিল্লিতে ১ থেকে ৯ আগস্ট অনুষ্ঠিত হয়েছে ইন্দুস ভ্যালি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এখানে দক্ষিণ এশিয়ার দেশগুলো চলচ্চিত্র নিয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। উৎসবের বিভিন্ন ক্যাটাগরিতে বাংলাদেশের ‘মায়া: দ্য লস্ট মাদার’ চলচ্চিত্রটি ২ টি পুরস্কার অর্জন করেছে।
ফিচার ফিল্ম প্রতিযোগিতা বিভাগে মাসুদ পথিক পরিচালিত মায়া দ্য লস্ট মাদার এর জন্য ‘জুরী মেনশন ডিরেক্টর’ পেয়েছেন মাসুদ পথিক এবং ‘জুরী মেনশন অ্যাওয়ার্ড পেয়েছেন মায়া দ্য লস্ট মাদার’।
উৎসব পরিচালক হর্স নারায়ন প্রেরিত এক ইমেইল বার্তায় পুরস্কারের বিষয়ে নিশ্চিত করা হয়েছে এবং সনদপত্রও প্রেরণ করা হয়েছে। ‘মায়া: দ্য লস্ট মাদার’ চলচ্চিত্রের পরিচালক মাসুদ পথিক’কে পুরস্কার হস্তান্তর করা হয়েছে।
উৎসবের বিভিন্ন ক্যাটাগরিতে বহু আন্তর্জাতিক চলচ্চিত্র নির্মাতা পুরস্কার পেয়েছেন, যেমন ‘মান্টো’ চলচ্চিত্রের জন্য পরিচালক নন্দিতা দাস পেয়েছেন সেরা বায়োপিক্যাল চলচ্চিত্রের পুরস্কার, বিশাল ভরদোয়াজ পেয়েছেন সেরা পরিচালকের পুরস্কার ‘পটাক্কা’ চলচ্চিত্রের জন্য। উৎসবের সেরা অভিনেতা হয়েছেন নওয়াজুদ্দিন সিদ্দিকী। এছাড়াও পাকিস্তান ও শ্রীলংকা একাধিক পুরস্কার পেয়েছেন। উৎসবের ফেসবুক পেজে লাইভ প্রোগ্রামের মাধ্যমে পুরস্কার ঘোষণা করা হয়েছে।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নির্মাতা মাসুদ পথিক বলেন, ‘মায়া: দ্য লস্ট মাদার’ একটি র-রিয়ালিজম ধারার সিনেমা। বীরাঙ্গণা এবং যুদ্ধশিশুর সত্য কাহিনির উপর নির্মিত সিনেমাটিতে আবহমান বাংলার গ্রামীণ কালচার রিচুয়ালের ভেতর বীরাঙ্গনা ও যুদ্ধশিশুর যাপিত জীবনকে তুলে আনা হয়েছে। আত্মপরিচয়ের টানাপোড়েনও উঠে এসেছে। পাশাপাশি প্রাচ্যীয় দর্শনের অনেক প্রশ্ন, জীবনবোধ নান্দনিকভাবে ভিজ্যুয়াল হয়েছে মায়া: দ্য লস্ট মাদার সিনেমায়।’
উল্লেখ্য সিনেমাটি ‘ট্যাগোর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে’ ‘বেস্ট ন্যারেটিভ ফিচার ফিল্ম’ পুরস্কার পেয়েছে। এবং ১৫টি ফিল্ম ফেস্টিভ্যালে মায়া : দ্য লস্ট মাদার সিনেমাটি নির্বাচিত হয়েছে।
মাসুদ পথিকের মায়া: দ্য লস্ট মাদার ‘কবি কামাল চৌধুরীর ‘যুদ্ধশিশু’ কবিতা এবং বিশ্বখ্যাত চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ চিত্রকর্ম ‘ওমেন’ অবলম্বনে নির্মিত।
সিনেমায় অভিনয় করেছেন, মুমতাজ সরকার, প্রাণ রায়, জ্যোতিকা জ্যোতি, দেবাশিস কায়সার, নাজমা আকতার, নারগিস আকতার, ঝুনা চৌধুরী, সৈয়দ হাসান ইমাম, আসলাম সানী, ড. শাহাদাত হোসেন নিপু, সাইফুল মজিদ। গান গেয়েছেন, বেলাল খান, কুনাল, ঐশী, মমতাজ বেগম। আবহ সংগীত ইমন চৌধুরী, সুর করেছেন তানভীর তারেক, বেলাল খান, ইমন চৌধুরী, প্লাবন কোরেশী, সম্পাদনা করেছেন জুনায়েদ হালিম।
বাংলাধারা/এফএস/টিএম/ইরা












