২৭ মার্চ ২০২৬

দীঘিনালায় অগ্নিকাণ্ডে ৩৫ দোকান ভস্মীভূত

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কেন্দ্রীয় বোয়ালখালী নতুন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৩৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের।

শুক্রবার (২৭ মার্চ) রাত আনুমানিক ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। তবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুকুল কুমার নাথ জানান, রাত ৩টা ৫ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দীঘিনালা ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে খাগড়াছড়ি সদর থেকে আরও একটি ইউনিট যোগ দেয়। সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

তিনি বলেন, বাজারের অধিকাংশ দোকান কাপড়ের হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফলে নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লেগেছে।

বোয়ালখালী বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন জানান, অগ্নিকাণ্ডে প্রায় ৩৫টি দোকান পুড়ে গেছে এবং এতে আনুমানিক ৪ থেকে ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আগুন নিয়ন্ত্রণে দীঘিনালা ও খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর ফোর ইস্ট বেঙ্গল ইউনিটের সদস্যরাও সহায়তা করেন।

আরও পড়ুন