১৭ মার্চ ২০২৬

দীঘিনালায় ৪ ব্রিকফিল্ডকে তিন লাখ টাকা জরিমানা

খাগড়াছড়ি প্রতিনিধি »

খাগড়াছড়ির দীঘিনালায় নিয়ম ও আইন অমান্য করে ইটভাটা চালানোর দায়ে চার ব্রিক ফিল্ডকে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন। দুপুরে উপজেলা প্রশাসনের চালানো এক অভিযানে এ অর্থদণ্ড প্রদান করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা স্বর্ণা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীঘিনালায় ৫টি ইটভাটা রয়েছে। এরমধ্যে একটি বন্ধ রয়েছে। অপর চারটি আইন অমান্য করে চলছিলো দীর্ঘদিন ধরে। এমন তথ্যের ভিত্তিতে ভাটাগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রশাসন। এসময় নিয়ম বর্হিভূতভাবে উপজেলার হেডম্যান পাড়ার এডিবি ব্রিক ফিল্ডের লুতফুর রহমানকে, মধ্য বোয়ালখালীর কর্ণফুলী ব্রিক ফিল্ড নামের দুইটি প্রতিষ্ঠানের মালিক পক্ষের রাকিব উদ্দীন, মেসার্স সেলিম এন্ড ব্রাদার্স’র মালিক পক্ষে ওয়াহিদুজ্জামানকে ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনে সর্বমোট ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ইউএনও ফাহমিদা মুস্তফা জানান, এসব ভাটায় চুল্লী স্থাপন, কাঠ জ্বালোনো, জমির টপ সয়েল ব্যবহারসহ পাহাড় কেটে মাটি দিয়ে ইট প্রস্তুতের চিত্র দেখা গেছে। যা আইনের লঙ্ঘন ও পরিবেশের ক্ষতি হচ্ছে। এ কারণে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ১৪, ১৫ এবং ১৬ ধারা অনুযায়ী চারটি ব্রিক ফিল্ডকে জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন