২১ ফেব্রুয়ারি ২০২৬

দুদকের মামলা: সাবেক ভূমিমন্ত্রীর স্ত্রীর গাড়িচালক তালুকদার গ্রেপ্তার

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকা থেকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের স্ত্রী রুকমিলা জামানের ব্যক্তিগত গাড়িচালক ইলিয়াস তালুকদার (৫৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সামিউর রহমানের নেতৃত্বে শিকলবাহা ৮ নম্বর ওয়ার্ডের ফকিরা মসজিদ এলাকার তালুকদার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ইলিয়াস তালুকদারের পিতা মৃত সালেহ আহমেদ এবং তিনি শিকলবাহা ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি কর্ণফুলী থানার ওসি মো. শাহীনুর আলম।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ইলিয়াস দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর দায়ের করা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বর্তমানে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে দুদকের অভিযানে ইলিয়াসের বাড়ি থেকে ২৩ বস্তা নথিপত্র জব্দ করা হয়েছে, যা বিদেশে সম্পদ অর্জন, অর্থপাচার এবং ব্যবসা-লেনদেন সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য ধারণ করছে।

দুদক জানায়, উদ্ধারকৃত নথিগুলো বিস্তারিতভাবে যাচাই করা হবে এবং তা আইনি প্রক্রিয়ায় উপস্থাপন করা হবে।

উল্লেখ্য, দুদকের এই অভিযান পূর্বের অনুসন্ধান ও তদন্তের ধারাবাহিক অংশ। গ্রেপ্তার ও নথি উদ্ধার অভিযানে পাওয়া তথ্য মামলার তদন্তে বড় সহায়ক ভূমিকা রাখবে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ