২২ মার্চ ২০২৬

দুবাই ফেরত যাত্রীর পায়ুপথে মিলল স্বর্ণের বার

বাংলাধারা প্রতিবেদক »

দুবাই থেকে চট্টগ্রাম আসছিলেন ফেনীর রফিকুল ইসলাম। ঘোষণা ছিল আনবেন দুটি স্বর্ণের বার। ৪০ হাজার টাকা শুল্ক করও পরিশোধ করেন তিনি। কাস্টম হল পার হওয়ার সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে আর্চওয়ে দিয়ে ওই যাত্রীকে হাঁটানো হলে শরীরে ধাতব বস্তুর অস্তিত্ব লক্ষ্য করা যায়। এরপর তার পায়ুপথে স্বর্ণের বার থাকার কথা স্বীকার করেন তিনি।

মঙ্গলবার (১৯ জুলাই) সকালে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে এনএসআই এবং শুল্ক গোয়েন্দারা ওই যাত্রীকে আটক করে। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট সিগারেট, কসমেটিক, চকলেট, ফুড আইটেম জব্দ করা হয়।

জানা গেছে, রফিকুল ইসলাম ফেনীর ছাগলনাইয়া এলাকার বাসিন্দা।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১৪৮ ফ্লাইটে আজ সকালে আসা ওই যাত্রী দুটি স্বর্ণের বার আনার ঘোষণা দিয়ে ৪০ হাজার টাকা শুল্ক কর পরিশোধ করেন। কিন্তু কাস্টম হল পার হওয়ার সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় এনএসআই এবং শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা চ্যালেঞ্জ করেন। এক পর্যাই আর্চওয়ে দিয়ে ওই যাত্রীকে হাঁটানো হলে শরীরে ধাতব বস্তুর অস্তিত্ব লক্ষ করা যায়। পরে তিনি বিষয়টি স্বীকার করে ওয়াশরুমে গিয়ে স্বর্ণের বার দুটি বের করে দেন।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার ফরহাদ হোসেন বলেন, ‘আজ সকালে দুবাই ফেরত এক যাত্রী দুটো স্বর্ণের বার আনার ঘোষণা দিয়েছিলেন। এজন্য ৪০ হাজার টাকা শুল্ক করও পরিশোধ করেন তিনি। কিন্তু তিনি এনেছেন চারটি বার। যা ছিল তার মলদ্বারে লুকানো।’

‘তার গতিবিধি সন্দেহ হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে সে তার অপরাধের কথা স্বীকার করে। আটক যাত্রীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

বাংলাধারা/আরএইচআর

আরও পড়ুন