বাংলাধারা ডেস্ক »
ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেছেন, দুর্নীতিবাজ যেসব কর্মকর্তারা আছেন, তাদেরকে আমরা ছাই দিয়ে ধরতে চাই। কেউ যেন মনে না করেন, অবৈধভাবে টাকা কামিয়েছেন তা নিয়ে তারা সুখে থাকবেন।
শনিবার ডিএমপির মিডিয়া সেন্টারে দুদক-সিটিটিসি’র উদ্যোগে সপ্তাহব্যাপী যৌথ প্রশিক্ষণ কর্মশালা শীর্ষক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কমিশনার বলেন, আমরা যাকে ধরতে চাই তাকে শক্ত করেই ধরতে চাই। আমরা প্রযুক্তি ব্যবহার করে কারো অবৈধ টাকার উৎস, টাকা কোথায় যাচ্ছে, কে টাকা তুলছে, সব খোঁজ খবর নিচ্ছি। অবৈধভাবে কেউ টাকা উপার্জন করলে তাকে সেটা আমরা ব্যবহার করতে দেব না। আমরা তাদের বিনিয়োগ বন্ধ করবো ।
প্রশিক্ষণ নিতে আসা দুদক কর্মকর্তাদের উদ্দেশ্যে মোহা. শফিকুল ইসলাম বলেন, আপনারা রক্তচক্ষু উপেক্ষা করে কাজ করেন। আপনাদের যত বিপদ আসুক, আমরা পাশে থাকব।
কর্মশালা শুরুতে অতিরিক্ত পুলিশ কমিশনার মনিরুল ইসলাম বলেন, সরকার সন্ত্রাস ও দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। আমাদের কর্মকান্ড দিয়ে আমরা সন্ত্রাসকে রুখে দিচ্ছি। ২০১৬ সালের পর থেকে সন্ত্রাসীদের আর মাথা তুলে দাঁড়াতে দেয়নি। ঠিক একইভাবে দুর্নীতি দমন কমিশন দুর্নীতিবাজদের মাথা তুলে দাঁড়াতে দিচ্ছে না। আমরা যৌথভাবে কাজ করলে সরকারের দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন হবে।
বাংলাধারা/এফএস/টিএম












