২০ মার্চ ২০২৬

‘দুর্ভোগের কথাগুলো শুনি, দ্রুত সমাধানের চেষ্টাও করি’

বাংলাধারা প্রতিবেদন »

নগরবাসীর দুর্ভোগ লাঘবে আমি প্রতিদিন সাধারণ মানুষের অভাব-অভিযোগের কথাগুলো শুনে তার দ্রুত সমাধানের জন্য প্রচেষ্টা অব্যাহত রাখবো বলে প্রতিশ্রুতি দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে আন্দরকিল্লাস্থ চসিক পুরাতন নগরভবনে গণস্বাক্ষাতকার গ্রহণ কার্যক্রমের ২য় দিনে এসব কথা বলেন। দ্বিতীয় দিনের এই গণসাক্ষাতকারে ২৪ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান প্রশাসকের সাথে সাক্ষাত করেন।

সুজন বলেন, আমার দায়িত্ব পালনের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি নগরবাসীর হৃদয়-মনের কাছাকাছি পৌঁছে তাদের চাওয়া পাওয়া এবং অপূর্ণ আকাঙ্খাগুলো জানা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কোন কোন ক্ষেত্রে অনিয়ম অস্বচ্ছতা গাফিলতি ও ব্যবস্থাপনাগত শৃংখলার অভাব রয়েছে সেগুলোকে চিহ্নিত করে সেবাখাতগুলোর সক্ষমতা বৃদ্ধি করা। স্বচ্ছতা ও নৈতিকতাকে অবশ্যই অন্তরে ধারণ করতে হবে ।

সাক্ষাতকালে যারা বিভিন্ন অভাব-অভিযোগ ও সমস্যার কথাগুলো জানিয়েছেন সেগুলো তিনি আমলে নিয়েছেন বলে মন্তব্য করে বলেন, আপনাদের অভাব অভিযোগুলো যাচাই-বাছাই এবং এর সত্যতা খতিয়ে দেখে অবশ্যই যথাযথ ব্যবস্থা নেয়া হবে। নগরবাসী অন্যান্য প্রতিষ্ঠানের সমস্যা নিয়ে আসলেও তা সমাধানের চেষ্টা করবো।

এসময় চসিক সচিব আবু শাহেদ চৌধুরী, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মুফিদুল আলম, প্রশাসকের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম সহ সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন