২৫ অক্টোবর ২০২৬

দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান সাঈদ আল নোমানের

টানা ভারী বর্ষণ, জলাবদ্ধতা ও বৈরী আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, ‘চট্টগ্রাম আমাদের প্রাণের শহর। এই শহরের মানুষ আমাদের পরিবার। আসুন, আমরা সবাই মিলে প্রমাণ করি— মানুষের আস্থা ও ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি।’

তিনি জাতীয়তাবাদী দলের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের উদ্দেশে বলেন, দুর্যোগের এ সময়ে নিজ নিজ এলাকায় সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। যার যেখানে প্রয়োজন, সেখানে মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

ভারী বর্ষণে পাঁচলাইশ থানাধীন এলাকায় দেয়াল ধসে একজনের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করে সাঈদ আল নোমান শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে পাহাড় ও ঝুঁকিপূর্ণ দেয়ালের আশপাশে অবস্থান না করার জন্য নগরবাসীর প্রতি সতর্ক থাকার আহ্বান জানান।

তিনি বলেন, দলের নেতাকর্মীরা ইতোমধ্যে বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। এ মানবিক উদ্যোগ আরও জোরদার করে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, দুর্যোগ মোকাবিলায় মানবিক সহযোগিতাই সবচেয়ে বড় শক্তি।

জলাবদ্ধতা প্রসঙ্গে সাঈদ আল নোমান বলেন, দীর্ঘদিনের এ সমস্যার স্থায়ী সমাধান একদিনে সম্ভব নয়। তবে সরকারের উদ্যোগে চট্টগ্রাম সিটি করপোরেশন, সিডিএ ও ওয়াসার সমন্বয়ে জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন চলছে। এসব প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি নাগরিক সচেতনতাও সমান গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, খাল, নালা ও ড্রেনে প্লাস্টিক, পলিথিন ও বিভিন্ন বর্জ্য ফেলার কারণে পানি চলাচলে বাধা সৃষ্টি হয়, যা জলাবদ্ধতার অন্যতম কারণ। এ পরিস্থিতি থেকে উত্তরণে তিনি নাগরিকদের যেখানে-সেখানে আবর্জনা না ফেলা, নিজ নিজ বাসা ও আশপাশ পরিষ্কার রাখা, খাল-নালায় বর্জ্য না ফেলা, নালা পরিচ্ছন্ন রাখা এবং খাল-নালার জায়গা দখল করে স্থাপনা নির্মাণ না করার আহ্বান জানান।

সাঈদ আল নোমান বলেন, চট্টগ্রামকে একটি সবুজ, পরিচ্ছন্ন, জলাবদ্ধতামুক্ত ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সরকার ও নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই। আমাদের প্রাণের শহরকে মডেল নগরীতে পরিণত করতে সবাইকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।

আরও পড়ুন