বাংলাধারা প্রতিবেদন »
প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপে দিশেহারা পুরো পৃথিবী। প্রতিদিনই বাড়ছে এর ভয়াবহতা। দীর্ঘ হচ্ছে মৃতের তালিকা।
করোনার ফলে চরম বিপর্যয়ের মুখে পড়েছে দেশের অর্থনীতি। মানুষ বাধ্য হচ্ছে ঘরে থাকতে। অন্যান্য খাতের মতো ক্রীড়াঙ্গনেও এর প্রভাব পড়েছে ব্যাপক ভাবে। বিশেষ করে ফুটবলে।
কোচ-খেলোয়াড়দের আয়ের অন্যতম বড় একটি মাধ্যম ফুটবল। মাঠের খেলা বন্ধ থাকায় তাদের আয়-রোজগারে দারুণ প্রভাব পড়েছে। সংকটময় সময় পার করছেন তৃণমূল ফুটবল ফুটবলের সাথে সংশ্লিষ্ট এবং স্বল্প বেতনের কোচরা।
এমন দুর্দিনে স্বল্প আয়ের কোচদের সহায়তায় এগিয়ে এসেছেন তৃণমূল ফুটবলের রূপকার সাইফ পাওয়ারটেক লিমিটেডের কর্ণধার, বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের (বিডিডিএফএ) মহাসচিব এবং বাংলাদেশ ক্লাবস অ্যাসোসিয়েশনের (বিএফসিএ) সভাপতি তরফদার মো. রুহুল আমিন। বিডিডিএফএ এবং বিএফসিএ ‘ডিজেস্টার সার্পোট ফিন্যান্সিয়াল অ্যাসিসটেন্স প্রোগ্রাম’- এর আওতায় অস্বচ্ছল কোচদের সহায়তায় কাজ করবে।
দেশের অসুস্থ ও স্বল্প আয়ের কোচদের পাশে দাঁড়ানোর প্রসঙ্গে মঙ্গলবার (০৭ এপ্রিল) এক ভিডিও বার্তায় তরফদার রুহুল আমিন বলেন, ‘এই মুহূর্তে আপনারা জানেন যে ফুটবলের সমস্ত কার্যক্রম বন্ধ আছে এবং স্বাভাবিকভাবেই এর কার্যক্রম বন্ধ করা হয়েছে। আপনারা এও জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনাকে যেভাবে মোকাবিলা করা হচ্ছে এবং উনি সকলকে আহ্বান করেছেন যার যতটুকু সামর্থ্য আছে দুস্থ, অস্বচ্ছল জনগণের পাশে দাঁড়াতে। এই সমস্ত বিষয়গুলো মাথায় নিয়ে আমরা অসচ্ছল ও অসুস্থ কোচদের সহায়তায় এগিয়ে এসেছি’।
একই সাথে তিনি ডিএফএর সভাপতিদের অনুরোধ জানিয়েছেন, আগামী তিন থেকে চার দিনের আপনার জেলার যে সমস্ত অসুস্থ, অভাবগ্রস্ত কোচ আছেন তাদের তালিকা তৈরি করে পাঠাতে।
এই ব্যাপারে বাংলাদেশ জেলা বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন থেকে ক্লাবস সবার সহযোগিতা কামনা করেছেন তরফদার রুহুল আমিন।
বাংলাধারা/এফএস/টিএম












