বাংলাধারা প্রতিবেদন »
দেশে গত একদিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯০৭ জন। এছাড়া এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন আরও ৩৯ জন।
সোমবার (১০ আগস্ট) করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
নাসিমা সুলতানা জানান, গত একদিনে নমুনা সংগ্রহ হয়েছে ১২ হাজার ৮৫৫টি এবং পরীক্ষা হয়েছে ১২ হাজার ৮৪৯টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১২ লাখ ৭৩ হাজার ১৬৮টি। ২৪ ঘণ্টায় যা নমুনা সংগ্রহ হয়েছে, তাতে করোনা শনাক্ত হয়েছে দুই হাজার ৯০৭ জনের মধ্যে। ফলে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৬০ হাজার ৫০৭ জনে। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ৩৯ জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন তিন হাজার ৪৩৮ জন। মৃতদের মধ্যে ৩৫ জন পুরুষ ও চারজন নারী। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৬৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন এক লাখ ৫০ হাজার ৪৩৭ জন।
উল্লেখ্য, চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী ভাইরাস করোনা বাংলাদেশে প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। সেদিন তিনজনের শরীরে করোনা শনাক্তের কথা জানিয়েছিল আইইডিসিআর। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর খবর আসে।
বাংলাধারা/এফএস/টিএম












