বিনোদন প্রতিবদেক »
উমরাহ পালন শেষে দেশে ফিরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করতে চান ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। তিনি বলেন, ‘অনেক কিছু বলার আছে। এই মনোবাসনা নিয়েই আমি মক্কা ত্যাগ করবো।’
ওমরাহ করতে সৌদি আরবে অবস্থান করা নায়িকা মাহি তার ফেসবুকে পেইজে এক স্ট্যাটাসে একথা জানান। মঙ্গলবার (৭ ডিসেম্বর) বাংলাদেশ সময় বিকেল পৌনে ৫টায় চিত্রনায়িকা এ স্ট্যাটাস দেন।
স্ট্যাটাসে চিত্রনায়িকা মাহিয়া মাহি লিখেছেন, ‘উমরাহ থেকে ফিরেই আমার প্রথম এবং একমাত্র চাওয়া আমি আমাদের সবার অভিভাবক, আমাদের মমতাময়ী মা (মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা) র সাথে ৩০ সেকেন্ডের জন্য হলেও দেখা করতে চাই। অনেক কিছু বলার আছে। এই মনোবাসনা নিয়েই আমি মক্কা ত্যাগ করবো। আমার বিশ্বাস এই চাওয়া ব্যর্থ হবেনা।’

এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সঙ্গে তার ফাঁস হওয়া অডিও নিয়ে মুখ খুলেন এ নায়িকা। তার ফেসবুক আইডিতে দুই মিনিট ৩০ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ শেয়ার করেছেন। সেখানে মাহি নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন।
ওই ভিডিওর ক্যাপশনে মাহি লিখেছেন, ‘বিকৃত এবং কুরুচিপূর্ণ ব্যবহার ও ভাষার প্রতিত্তোরের ভাষা আমার জানা ছিল না, নম্রতা আমার পারিবারিক শিক্ষা…। ’
ভিডিওতে মাহিয়া মাহি বলেন, ‘আমি এখন পবিত্র হারাম শরিফে আছি। ওমরাহ পালন করছি। আমি যেটা বলার জন্য ভিডিওটা করছি। আমি সেদিনও বলেছিলাম। আমার বিকৃত এবং কুরুচিপূর্ণ ব্যবহার ও ভাষার প্রতি-উত্তরের ভাষা আমার জানা ছিল না। দুই বছর আগের ঘটনা। তখন আমি শুধু আল্লাহর কাছে বলেছিলাম। ’
তিনি বলেন, ‘আমি আরও একবার দেশবাসীর কাছে ছোট হলাম। কিন্তু আপনারা নিজের থেকে একটু চিন্তা করে দেখবেন, এ ভাষার প্রতি-উত্তর কী দেওয়া উচিত ছিল? সেদিন আমার আসলে কিছু বলার ভাষা ছিল না। তাই সেদিন কিছু বলিনি। আমি সেদিন চুপ থেকেছি পাশ কাটিয়ে।’
তিনি বলেন, ‘এটা (প্রতিমন্ত্রীর সঙ্গে কথাপোকথন) ঠিক দুই বছর আগের ঘটনা। আমি বরাবরের মতোই সব সময় আল্লাহর কাছে বলি যে, আল্লাহ আমি কষ্ট পেয়েছি। যার মাধ্যমে কষ্ট পেয়েছি। কোনো না কোনোভাবে তিনি তার রেজাল্ট (ফল) পেয়েছেন, আলহামদুলিল্লাহ।’
মাহি আরও বলেন, ‘আমি সাংবাদিক ভাইদের বলছি, আমি আসলে এখন কারও ফোন রিসিভ করছি না। আমি এখন যেখানে আছি, এখানে আসলে এ বিষয়ে কথা বলার মতো না। সবাইকে ধন্যবাদ।’
এদিকে প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৬ ডিসেম্বর) রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অসৌজন্যমূলক বক্তব্য দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মঙ্গলবারের (৭ ডিসেম্বর) মধ্যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বলেছেন।
এরপর ব্যক্তিগত কারণ দেখিয়ে আজ মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে সাড়ে ১২টায় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে নিজ মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠান তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।












