২২ অক্টোবর ২০২৬

দোকান নির্মাণকে কেন্দ্র করে আনোয়ারায় দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৮

চট্টগ্রামের আনোয়ারায় নতুন দোকান নির্মাণকে কেন্দ্র করে ইজারাদার ও মার্কেটের ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চাতুরী চৌমুহনী কাঁচাবাজার সংলগ্ন আলী মার্কেটের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন— উপজেলা এনসিপির সাবেক যুগ্ম সমন্বয়ক মোহাম্মদ দেলোয়ার, আলী মার্কেটের ব্যবসায়ী সুমন (৪৫), মোহাম্মদ শহিদুল ইসলাম, আব্দুর রহিম (৩৫), আলী হোসেন (৩৫), আজগর আলী (৪৫), ইকবাল কবির (৫০) ও সাইফুদ্দিন (৩০)।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, আলী মার্কেটের সামনে নতুন দোকান নির্মাণকে কেন্দ্র করে ইজারাদার ও মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি থেকে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।

পরে স্থানীয় ব্যবসায়ীরা আহতদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোনায়েদ চৌধুরী বলেন, দোকান নির্মাণকে কেন্দ্র করে ইজারাদার ও মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে স্থানীয় ব্যবসায়ীসহ কয়েকজন আহত হয়েছেন বলে জানতে পেরেছি। এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন