১৮ মার্চ ২০২৬

দ্বিগুণ ভাড়ায় চলছে গণপরিবহন, নীরব প্রশাসন

বাংলাধারা প্রতিবেদন  »

করোনা মহামারির কারণে গত ৩১ মার্চ থেকে সরকারের নির্দেশনা অনুযায়ী ভাড়া ষাট শতাংশ বৃদ্ধির কথা থাকলেও চালকরা আদায় করছেন দ্বিগুণ ভাড়া । যাত্রীরা প্রতিবাদ করলেও প্রশাসনের নীরবতার সুযোগে যাত্রীদের জিম্মি করে গণপরিবহন চালকরা তাদের এই অন্যায় চালিয়ে যাচ্ছেন।

নগরীর একেখান মোড় থেকে জিইসি পর্যন্ত চলাচলকারী টেম্পুগুলোতে দেখা যায় চালকের পাশে দুইজন করে বসছেন। চালকের মুখে মাস্ক থাকলেও শারীরিক দূরত্ব বজায় রাখা হচ্ছে না। ১০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ২০ টাকা। এছাড়া, বেশির ভাগ চালক ও হেলপার মুখে মাস্ক ব্যবহার করছে না।

শুধু টেম্পু নয় বাস চালকরাও দ্বিগুণ ভাড়া আদায় করছেন। নগরীর নিউ মার্কেট থেকে সী-বিচ রুটে চলাচলকারী বাসেও দেখা যায় যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া নেওয়া হচ্ছে। দ্বিগুণ ভাড়া দিলেও বেশিরভাগ যাত্রী এ নিয়ে তেমন কোন প্রতিক্রিয়া দেখাননি। কেন ভাড়া দ্বিগুণ নেওয়া হচ্ছে একথা জানতে চাইলে বাস চালক আমিনুল বলেন, দ্বিগুণ ভাড়া না নিলে আমাদের পোষাবে না।

বেসরকারি ব্যাংক কর্মকর্তা আসিফ জানান, দ্বিগুণ ভাড়া নিলেও কিছু করার নেই। এর আগে যাত্রীরা অনেক টাকা খরচ করে অফিসে আসতে হয়েছে। সেই তুলনায় গণপরিবহনের দ্বিগুণ ভাড়া কিছু না।

১০ নম্বর গাড়িতে চান্দগাঁও থেকে ওয়াসার যাত্রী হৃদয় বলেন, আগে পুরাতন চান্দগাঁও থেকে ওয়াসার ভাড়া ছিল ৮ টাকা। কিন্তু এখন ভাড়া নিচ্ছে ১৫টাকা। কিন্তু প্রতিটি সিটে যাত্রী নেয়ার পরও সিটের বাইরেও যাত্রী নিচ্ছে। এটা একটা বড় হয়রানি।

এদিকে,স্বাস্থ্যবিধি না মেনে বর্ধিত ভাড়া আদায় করা নিয়ে যাত্রীদের সঙ্গে বাসের কন্টাক্টর ও হেলপারদের বাগবিতণ্ডা ও কথা কাটাকাটি হচ্ছে। এমনকি হাতাহাতির ঘটনাও ঘটছে। চট্টগ্রাম নগরীর বিভিন্ন রুটে চলাচলকারী যাত্রীদের সঙ্গে কথা বলে ও সরেজমিন কয়েকটি রুটে বাসে ঘুরে এসব তথ্য পাওয়া গেছে। 

দ্বিগুণ ভাড়া নিয়ে কথা হয় কনজুমারস এসোসিয়েশন বাংলাদেশ (ক্যাব) এর চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এস এম নাজের হোসাইন এর সাথে । তিনি বাংলাধারাকে জানান, আমরা ক্যাব থেকে কোন পদক্ষেপ নিব না। দ্বিগুণ ভাড়া তিনগুণ ভাড়া বলে কোন লাভ নেই। আমরা তো আগে বলেছি। মানুষ দ্বিগুণ ভাড়া দিয়ে যাচ্ছে কেন, এটা জনগণের দোষ।

এদিকে চট্টগ্রাম জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক বলেন, গণপরিবহনে যাতে স্বাস্থ্যবিধি যথাযথ ভাবে মানা হয় সেটা আমরা তদারক করছি। দ্বিগুণ ভাড়া যারা আদায় করছে তাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছি , জরিমানা করছি। এছাড়া আমাদের কাছে যখনই কোন ইনফরমেশন আসছে আমরা সাথে সাথে কাজ করছি ।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন