বাংলাধারা ডেস্ক »
প্রথম পরীক্ষায় করোনা পজিটিভ হওয়ার পর দ্বিতীয় পরীক্ষার অপেক্ষায় ছিলেন বাংলাদেশ জাতীয় দলের উদ্বোধনী ব্যাটসম্যান সাইফ হাসান। সেই পরীক্ষায়ও কোনো সুখবর মেলেনি। করোনার বিষ রয়ে গেছে শরীরে। এমন তথ্যই জানা গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে।
গত সপ্তাহে ঢাকায় ১৭ জন খেলোয়াড়সহ ২৪ জনের নমুনা সংগ্রহ করেছিল বিসিবি। সেই পরীক্ষায় সাইফের পাশাপাশি বিসিবির প্রধান ট্রেনার নিকোলাস লিরও করোনা পজিটিভ ধরা পড়ে।
দুদিন পর লি দ্বিতীয় দফার পরীক্ষায় করোনামুক্ত হলেও সাইফ হাসানের শরীরে এখনও করোনার অস্তিত্ব রয়েই গেছে।
জানা গেছে, সাইফের পরিবারের একাধিক সদস্যের করোনার উপসর্গ তথা ঠান্ডা ও জ্বর ছিল। নিরাপদ থাকতে শুরুতে মিরপুরের ঐচ্ছিক অনুশীলনে যোগ দেননি জাতীয় দলের এই ওপেনার। বাড়ির পাশের ধানমন্ডির ৪ নম্বর মাঠে হালকা অনুশীলন করেছিলেন তিনি। সবার শেষে যোগ দিয়েছিলেন ব্যক্তিগত অনুশীলনে।
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের প্রাথমিক স্কোয়াডে ২৭ জনের মধ্যে নাম নেই সাইফের। চলতি বছরের শুরুতে বাংলাদেশের শেষ দুটি টেস্ট সিরিজের দলে ছিলেন তিনি। তাই ধারণা করা হচ্ছিল, আগেভাগে সেরে উঠলে ডাক পাবেন।
বাংলাধারা/এফএস/ইরা












