বাংলাধারা ডেস্ক »
বাংলাদেশে বসবাসরত দ্বৈত নাগরিক ও পাসপোর্টধারীদের তালিকা ২৮ ফেব্রুয়ারির মধ্যে পুলিশের বিশেষ শাখার সুপারকে (ইমিগ্রেশন) দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।।
কানাডাসহ বিভিন্ন দেশে অর্থ পাচারকারীদের নাম, ঠিকানাসহ অর্থ পাচারের যাবতীয় তথ্য জানতে চাওয়ার ধারাবাহিকতায় বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেয়।
দুর্নীতি দমন কমিশনের পক্ষে আদালতে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।
দুদকের আইনজীবী এদিন আদালতে দ্বৈত নাগরিক ও পাসপোর্টধারীদের তালিকা চাওয়ার নির্দেশ দিতে আরজি জানায়। তখন বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক বলেন, “দ্বৈত নাগরিক ও পাসপোর্টধারী কারা, সেটা আমরাও জানতে চাই।”
এর আগে কানাডাসহ দেশের বাইরে অর্থ পাচারকারীদের নাম-ঠিকানাসহ যাবতীয় তথ্য চেয়ে গত ২২ নভেম্বর আদেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে এ বিষয়ে রুল জারি করেন আদালত। ওই রুলের ধারাবাহিকতায় সোমবার মামলাটি কার্যতালিকায় ওঠে। এরপর শুনানির শুরুতে দুদকের আইনজীবী আদালতের কাছে দ্বৈত নাগরিক ও দ্বৈত পাসপোর্টধারীদের তালিকা চেয়ে আদেশ প্রার্থনা করেন।
বাংলাধারা/এফএস/এআর












