খালেদ মনছুর, আনোয়ারা »
দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে সারাদেশের মত আনোয়ারা-কর্ণফুলীর মানুষের নাভিশ্বাস উঠেছে। সংসার চালাতে হিমশিম খাচ্ছেন নিম্ন আয়ের মানুষ। স্বস্তিতে নেই মধ্যবিত্তরাও। তবে আনোয়ারায় টিসিবির ডিলার না থাকায় বিক্রি হচ্ছে না ন্যায্যমূল্যের পণ্য।
আনোয়ারায় বিভিন্ন অনিয়মের কারণে আগের দুইজন ডিলারের লাইসেন্স বাতিল করেছে টিসিবি। বর্তমানে কর্ণফুলী উপজেলার একজন ডিলার এসে সপ্তাহে দুইদিন ন্যায্যমূল্যের পণ্য বিক্রি করেন আনোয়ারায়। যা চাহিদার তুলনায় অতি নগন্য। উপজেলার জনসমাগম এলাকায় তাদের দেখাও যায় না। নতুন করে দুইজন ডিলার নিয়োগের প্রস্তাব পাঠানো হলেও এখনো অনুমোদন হয়নি বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমদ।
তিনি জানান, আনোয়ারার আগের দুইজন টিসিবির ডিলারের লাইসেন্স বিভিন্ন অনিয়মের কারণে বাতিল করা হয়েছে। বর্তমানে কর্ণফুলী উপজেলা থেকে একজন ডিলার সপ্তাহে দুই দিন আনোয়ারায় পণ্য বিক্রি করছে। আমরা আনোয়ারায় দুইজনের নাম পাঠিয়েছি। এখনো তা অনুমোদন হয়নি।
সরেজমিন উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, সারাদেশের মত আনোয়ারার ব্যবসায়ীরাও বাড়তি দামে ভোগ্যপণ্য বিক্রি করছেন। কেউ কেউ আগের ক্রয় করা দামে নিত্যপণ্য বিক্রি করছেন। তবে পাইকারিতে দাম বেড়ে যাওয়ায় তাদেরকেও বাড়তি দামে পণ্য বিক্রি করা ছাড়া উপায় নেই বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
চাতরী চৌমুহনী কাঁচাবাজারে গিয়ে জানা যায়, আজকের দিনে নিত্যপণ্যের সর্বোচ্চ খুচরামূল্য সয়াবিন ১৭২ টাকা, পেঁয়াজ ১০ টাকা বেড়ে এখন ৫০ টাকা, মসুরের ডাল মোটা ৮৫ টাকা, চিকন ১১৫ টাকা, মসলা প্রতি কেজিতে বেড়েছে ৫০ টাকা, শুকনা মরিচ (ইন্ডিয়ান) ৫০ টাকা বেড়ে ২৮০ টাকা, চাল চিকনটা ৬০ টাকা, চিনি বস্তা প্রতি বেড়েছে ২০ থেকে ৩০ টাকা, ডিম ১৫ টাকা বেড়ে এখন ১১৫ টাকা। এছাড়া ময়দা মটর ডালের দামও বেড়েছে। তবে অনেক ব্যবসায়ী পাইকারীতে দাম বাড়ার কথা বলে খুচরায় দাম বেশি নিচ্ছে বলে অভিযোগ রয়েছে ক্রেতাদের।
পারকি এলাকার ক্রেতা মো. তারেক বলেন, যে হারে নিত্যপণ্য সামগ্রীর দাম বেড়েছে মধ্যবিত্তরাও সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। এসময় টিসিবির ন্যায্যমূল্যের পণ্য বিক্রি হলে নিম্ন আয়ের মানুষ উপকৃত হত।
চাতরী চৌমুহনী বাজারের ব্যবসায়ী মো. ইসলাম বলেন, পাইকারিতে বেড়ে যাওয়ায় আমাদের খুচরায়ও দাম বাড়াতে হচ্ছে। তবে আমরা আগের ক্রয় করা পণ্য এখনো আগের দামেই বিক্রি করছি। তবে সেটা বেশিদিন বিক্রি করা যাবে না।












