১৮ মার্চ ২০২৬

ধর্ষণে ব্যর্থ হয়ে ছিনতাই, দেড় কিলোমিটার ধাওয়া করে আসামীকে গ্রেফতার করল পুলিশ

বাংলাধারা প্রতিবেদন :::

ডায়াগনস্টিক সেন্টারে এক মহিলা কর্মীকে ধর্ষণে ব্যর্থ হয়ে মোবাইল ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগে মোঃ সুমন প্রকাশ রুবেল (২৮) নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ মে) সন্ধ্যা সাড়ে ছয়টায় নগরীর পাহাড়তলী থানার নাজীর বাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। হালিশহর থানার পানির কল মোড় থেকে পাহাড়তলী থানাধীন নাজির বাড়ী পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার ধাওয়া করে তাকে গ্রেফতার করা হয়।

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, গতকাল সকাল সাড়ে সাতটায় নগরীর আসকারাবাদ পপুলার মেডিকেল সেন্টারে কাজ করছিলেন ভিকটিম। সেসময় সেখানে তিনি একাই ছিলেন। এসময় সুমন একটি রেঞ্চ নিয়ে সেখানে ঢুকে ভয় দেখিয়ে ভিকটিমের শ্লীলতাহানি করে এবং ধর্ষণের চেষ্টা করে। কিন্তু তিনি চিৎকার করলে সে মোবাইল ও ব্যাগে থাকা ২৫০০ টাকা নিয়ে পালিয়ে যায়। ধর্ষণ চেষ্টাকালে সুমনের কামড়ের আঘাতে ঠোঁটে আঘাতপ্রাপ্ত হন ভিকটিম। লোমহর্ষক এই ঘটনা সিসিটিভিতে ধরা পড়ে।

সিসিটিভির ফুটেজ দেখে আসামি শনাক্ত করার পর অভিযানে নামে পুলিশ। সুমন ভাসমান হওয়ায় তাকে কেউ চিনছিল না। এসময় এক দোকানদার ছবির লোককে হালিশহর থানার পানির কল মোড়ে দেখা গেছে বলে জানান। সেখানে গিয়েই তার দেখা মেলে। কিন্তু সে পুলিশ দেখেই দৌড় দেয়। সেখান থেকে পাহাড়তলী থানাধীন নাজির বাড়ী পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার ধাওয়া করে তাকে গ্রেফতার করে এসআই মোহাম্মদ তারেক আজিজ ও এএসআই শিপু মারমা।

সুমন পেশাদার চোর। সে চলন্ত গাড়ি থেকে লোহা, সিএনজির ব্যাটারি চুরি করে। তার বিরুদ্ধে ৩ টি মামলা পাওয়া গেছে।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন