১৩ মার্চ ২০২৬

নওগাঁ-৬ ও ঢাকা-৫ আসনের ভোট ১৭ অক্টোবর

বাংলাধারা প্রতিবেদন »

ঢাকা-৫ ও নওগাঁ- ৬ আসনের উপনির্বাচন আগামী ১৭ অক্টোবর (শনিবার) এবং পাবনা-৪ আসনের উপনির্বাচন ২৬ অক্টোবর অনুষ্ঠিত (সোমবার) হবে।

রোববার (২৩ আগস্ট) নির্বাচন কমিশন সচিব মোঃ আলমগীর এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে কমিশনের সভা শেষে সচিব সাংবাদিকদের জানান, ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচন আরো ৯০ দিন পিছিয়ে দেওয়া হয়েছে।

তিনি আরো জানান, করোনা পরিস্থিতিতে কোনো নির্বাচনে পথসভা, মিছিল, সভা-সমাবেশ এবং বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়া যাবে না।

এছাড়া প্রশাসকের মেয়াদ শেষ হলে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাচন করা হবে বলেও জানান সচিব।

এর আগে বিকাল ৩টায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সভাপতিত্বে নির্বাচন কমিশনের সভা শুরু হয়। সভায় সব নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বার্ধক্যজনিত কারণে ৬ মে সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা মৃত্যুবরণ করলে ঢাকা-৫ আসনটি শূন্য হয়। এ আসনে ভোট করার শেষ সময় ১ নভেম্বর। আর ২৭ জুলাই নওগাঁ-৬ আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য ইসরাফিল আলম করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় আসনটি  ওই দিন শূন্য হয়। সে অনুযায়ী, ৯০ দিনের হিসেবে ২৪ অক্টোবরের মধ্যে ভোট করার বাধ্যবাধকতা রয়েছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ