২১ মার্চ ২০২৬

নগরীতে অস্ত্রসহ ডাইস পার্টির প্রধান সহযোগীসহ গ্রেফতার

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর ব্যস্ততম মার্কেট নিউমার্কেট, রিয়াজউদ্দিন বাজার, কোতোয়ালী মোড়, আমতল মোড়, তিনপুলের মাথা, টেরি বাজার সহ যে কোনো  মার্কেট এলাকায় আগত ব্যবসায়ীরা তাদের মালামাল ক্রয়ের পরে রিকশা যোগে এক স্থান হতে অন্য স্থান যাওয়ার পথে পথিমধ্যে গোলযোগ সৃষ্টি করে মালামাল ছিনতাই করা চক্রের দুই সদস্যকে অস্ত্র, কার্তুজ ও অপরাধ কর্মে ব্যবহৃত রিকশাসহ আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ।

গ্রেফতারকৃতের নাম- মোঃ শাহ আলম শেখ (৪০) ও মোঃ হাসান শেখ (২৮)। তারা উভয়ই  বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার সোনাখালী শেখ বাড়ীর মৃত সৈয়দ আলী শেখের ছেলে।

পুলিশ জানায়, নগরীতে এ চক্রটি ডাইস পার্টি নামে পরিচিত। এ চক্রের সদস্যরা মূলত একজন রিকশাচালক হিসেবে রিকশা নিয়ে মার্কেটের আশেপাশে অবস্থান করে এবং অপর সদস্যরা তাকে অনুসরণ করে। রিকশা চালক মালবহনকারী কোনো যাত্রীকে  রিকশায় বহন করে সুবিধাজনক কোনো স্থানে নিয়ে গেলে অপর সদস্যদের যেকোনো একজন ইচ্ছাকৃত ভাবে রিকশাচালকের সাথে গোলযোগ সৃষ্টি করে মালবহনকারী ব্যক্তির দৃষ্টি অন্য দিকে সরিয়ে নেয়।

মালের মালিক এ কাজে অজ্ঞাত নামা ব্যক্তিদের সাথে বাকবিতন্ডায় লিপ্ত থাকিলে সুযোগ বুঝে রিকশাচালক মালামাল নিয়ে ঘটনাস্থল হতে সটকে পড়ে। মালের মালিক মালামালের জন্য হাকডাক দিলে অজ্ঞাতনামা অপর সদস্যরা ঘটনাস্থল হতে কৌশলে সটকে যায়। পরবর্তীতে তাহারা সকলেই ঘটনাস্থল থেকে দূরবর্তী কোনো স্থানে মিলিত হয়ে মালামাল ভাগ করে নিয়ে যায়। এ প্রক্রিয়ায় তারা প্রতিনিয়ত দূরদূরান্তে থেকে আগত ব্যবসায়ীদের মালামাল ছিনতাই করে নিয়ে যায়।

ভুক্তভোগী মোঃ আমিন জানান, চন্দনাইশ হতে রিয়াউদ্দিন বাজার এসে বিভিন্ন ধরনের কাপড় চোপড়, ব্যাগ, হাতঘড়ি, কসমেটিকস, জুয়েলারী সহ প্রায় ১ লাখ টাকা মালামাল ক্রয় করে অজ্ঞাতনামা রিকশাচালকের রিকশায় করে নতুনব্রীজ যাওয়ার পথে কোতোয়ালী থানাধীন কোতোয়ালী মোড়ে মাজারের পাশে আসলে রিকশা চালক কৌশলে ঝাকুনি মাধ্যমে একটি মালের বস্তা রিকশা হতে ফেলে দেয়। ইতিমধ্যে অজ্ঞাতনামা অপর ব্যক্তি ঘটনাস্থলে বাদীকে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়া মারধর শুরু করলে রিকশাচালক কৌশলে মালামাল নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

এছাড়াও গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় গত ১৮ সেপ্টেম্বর ঔষুধ নিয়ে হাজারী গলি যাওয়ার সময় শহীদ মিনার চত্বরে, গত ১৫ সেপ্টেম্বর ইলেকট্রনিক্স মালামাল নিয়ে নতুন ব্রীজ যাওয়ার সময় নিউমার্কেট মোড়ে, গত ৮ অক্টোবর দোকানের মালামাল ক্রয় করে কাজীর দেউরী মোড়ে, গত ৪ আগষ্ট ঔষুধ নিয়ে হাজারী গলি যাওয়ার সময় আন্দরকিল্লার মোড়ে, গত ২৯ জুলাই ১৮৫পিস টাওযার নিয়ে টেরী বাজার হতে গুদামে যাওয়ার পথে এ চক্রের কবলে পড়ে মালামাল হারানোর কথা ভুক্তভোগীরা অভিযোগ দায়ের করেন।

 বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন