নগরের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জননিরাপত্তায় কোনো অসদাচরণ, অনিয়ম-দুর্নীতি সহ্য করা হবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে নগরের দামপাড়ায় সিএমপি কমিশনার কার্যালয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।
মতবিনিময় সভায় পুলিশ কমিশনার চট্টগ্রামে জুয়া, চাঁদাবাজি, মাদক, কিশোর গ্যাং ও মব সন্ত্রাসের বিরুদ্ধে আবারও কঠোর অবস্থান ঘোষণা করেন। নগরের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করতে তিনি ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করবেন বলে জানান। এ ক্ষেত্রে নগরবাসীর সর্বোচ্চ সহযোগিতা কামনা করেন।
এ সময় চট্টগ্রাম প্রেস ক্লাবের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন চট্টগ্রাম প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সালাউদ্দিন মো. রেজা এবং কার্যকরী সদস্য মোয়াজ্জেমুল হক।
সভায় আরও উপস্থিত ছিলেন বিএফইউজের সহ-সভাপতি শহীদ উল আলম, সাবেক সহ-সভাপতি মোস্তাক আহমদ, সিইউজের সাবেক সভাপতি নাজিমুদ্দীন শ্যামল, সিইউজের সহ-সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক সবুর শুভ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার, সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দার, ক্রীড়া সম্পাদক সরওয়ারুল আলম সোহেল, কার্যকরী সদস্য বীর মুক্তিযোদ্ধা মনজুর আলম মঞ্জু, দৈনিক ইত্তেফাকের শামীম হামিদ, ইন্ডিপেন্ডেন্ট টিভির ব্যুরো প্রধান আলমগীর সবুজ, দৈনিক খবরের কাগজের ব্যুরো প্রধান ইফতেখারুল ইসলাম, দৈনিক আজাদীর জ্যেষ্ঠ সহ-সম্পাদক জসীম উদ্দিন সিদ্দিকী ও জ্যেষ্ঠ প্রতিবেদক মোরশেদ তালুকদার, দৈনিক বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক আহসান হাবিবুল আলম, আজকের পত্রিকার চিত্রসাংবাদিক হেলাল সিকদার, জাগো নিউজের ব্যুরো ইনচার্জ ইকবাল হোসেন এবং দৈনিক পূর্বদেশের সহ-সম্পাদক শফিকুল ইসলাম খান।
সভায় উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ শুরুতেই সিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তাঁকে অভিনন্দন জানান। একই সঙ্গে সমাজবিরোধী দৃশ্যমান তৎপরতার বিরুদ্ধে তাঁর সাম্প্রতিক ভূমিকার প্রশংসা করেন।












