বাংলাধারা প্রতিবেদন »
নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় একটি পাহাড়ে এক তরুণী ধর্ষণের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৭ জুন) রাতে নগরীর ঢেবারপাড় ফরেস্টপাহাড়ে এই ধর্ষণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার।
এ ঘটনায় অভিযুক্ত ধর্ষক ও তার এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার দুজন হল- আনোয়ার হোসেন (৫০) ও মো. হেলাল (৪৮)।
বাংলাবাজার এলাকার একটি কলোনিতে বসবাস করা ১৯ বছর বয়সী ওই তরুণীর বাবা নেই। তিনি ও তার দুইজনই একটি পোশাক কারখানায় চাকরি করেন। ওই তরুণীর মামি মুরগী ও ডিম বিক্রি করেন। শনিবার সন্ধ্যার দিকে একজন ক্রেতার বাসায় মুরগি পৌঁছে দিয়ে পাহাড়িপথে হেঁটে বাসায় ফেরার পথে ওই তরুণী ধর্ষণের শিকার হন।
বায়েজিদ বোস্তামী থানার ওসি প্রিটন সরকার বলেন, শনিবার সন্ধ্যার দিকে একজন ক্রেতার বাসায় মুরগি পৌঁছে দিয়ে ওই তরুণী পাহাড়িপথে হেঁটে নিজের বাসায় ফিরছিলেন। ফরেস্ট পাহাড়ে আনোয়ার ও হেলাল তার পথরোধ করে। জোরপূর্বক পাহাড়ের ঢালুতে নিয়ে আনোয়ার তাকে ধর্ষণ করে। পরে তরুণীর কান্না শুনে স্থানীয় লোকজন গিয়ে তাকে উদ্ধার করে। খবর পেয়ে আমরা গিয়ে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করি। তার মাকে নিয়ে পাহাড়ে অভিযান চালিয়ে রাতে আনোয়ার ও হেলালকে গ্রেফতার করি।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












