বাংলাধারা প্রতিবেদন»
চট্টগ্রাম নগরীতে কোনো ঘোষণা ছাড়াই পরিবহন ধর্মঘটের কারণে দূর্ভোগের কমতি নেই যাত্রীদের। অনেকে পড়েছেন চরম বিপাকে।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল থেকে নগরীর গুরুত্বপূর্ণ মোড় গুলোতে অফিস,কর্মস্থলগামী এবং বিদ্যালয়গামী যাত্রীদের দাঁড়িয়ে থাকতে দেখা যায় গাড়ির অপেক্ষায়। অনেকে আবার র্দীঘ অপেক্ষা শেষে হেঁটে পাড়ি দেওয়ার চেষ্টা করছেন গৌন্তব্যস্থলে পৌছাঁর।মুরাদপুর, অক্সিজেন মোড়, আতুরার ডিপো, হামজারবাগসহ বিভিন্ন মোড়ে শত শত মানুষকে গাড়ির জন্য অপেক্ষা করতে হয়েছে। অনেকে অতিরিক্ত ভাড়া দিয়ে রিকশা, টেম্পো ও সিএনজি অটোরিকশায় গন্তব্যে পৌঁছেছেন।
পরিবহন ধর্মঘটের কারণে নগরের কয়েকটি সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। ঘোষণা ছাড়াই গণপরিবহন বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন চাকরিজীবী, স্কুল-কলেজের শিক্ষার্থী ও দোকানীরা।
তারা অভিযোগ করেছেন, পরিবহন নেতাদের এমন আচরণে আমরা ক্ষুব্ধ। কোনও ঘোষণা না দিয়ে এভাবে বাস চলাচল বন্ধ রাখা উচিত হয়নি। তিন-চার কিলোমিটার হেঁটে গন্তব্যে যেতে হচ্ছে।
এদিকে গণপরিবহন না থাকার সুযোগে অতিরিক্ত ভাড়া আদায় করছে রিকশাচালকেরা। এ নিয়ে বিভিন্ন জায়গায় রিকশাচালকদের সঙ্গে যাত্রীরা বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়তে দেখা গেছে। মুরাদপুর মোড়ে যাত্রী ও রিকশাচালকের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটেছে।
পরিবহন মালিকরা বলছেন, প্রশাসনের নির্যাতনের কারণে তারা গাড়ি চালাতে পারছেন না। এজন্য বাস চলাচল বন্ধ রেখেছেন।
চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মনজুরুল আলম মঞ্জু বলেন, ‘প্রতিনিয়তই আমরা প্রশাসনের নির্যাতনের শিকার হচ্ছি। কোনও কারণ ছাড়াই মামলা দেওয়া হচ্ছে। ট্রাফিক পুলিশসহ প্রশাসনের লোকজন বিভিন্নভাবে নির্যাতন চালাচ্ছে। আমরা আর পারছি না। তাই বাধ্য হয়ে গাড়ি বন্ধ রেখেছি। ’
বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক অলি আহম্মদ বলেন, অলংকার মোড় থেকে একজন লাইনম্যানকে গ্রেফতার এবং ৫ জনকে উঠিয়ে নেওয়া হয়েছে। তাই পরিবহন মালিকরা বাস চলাচল বন্ধ রেখেছেন। তবে পিকেটিং বা অন্য কোনও কর্মকাণ্ড হচ্ছে না। আমরা থানা, ডিবি, এসবি সহ সব জায়গায় খোঁজ নিলাম, কিন্তু কেউ কিছু জানে না। বিকেলে একটি মিটিং হওয়ার কথা রয়েছে।
সিএমপির ট্রাফিক-উত্তর বিভাগের উপকমিশনার আলী হোসেন বলেন, পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে এই বিষয়ে কোনও আলোচনা হয়নি। কেন হঠাৎ তারা গাড়ি বন্ধ রেখেছে, আমরা খবর নিচ্ছি।
বাংলাধারা/এফএস/এফএস












