বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার আগ্রাবাদ বেপারি পাড়া সুমন টাওয়ারের সামনে থেকে ইয়াবা ও মোবাইলসহ দিদার হোসেন (২৩) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৩ মে) বিকেলে এ তথ্য জানান ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।
ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, দিদার মোবাইল বন্ধক রেখে ইয়াবা বিক্রি করে। প্রতিটি মোবাইলের বিনিময়ে ২টি থেকে ৪টি পর্যন্ত ইয়াবা দেয়। কম দামি মোবাইল হলে ১ মোবাইলের বিনিময়ে ২টি এবং একটু বেশি দামি হলে ১ মোবাইলের বিনিময়ে ৪টি ইয়াবা দেওয়া হয়।
যাদের টাকা থাকে না তারা এ পদ্ধতিতে ইয়াবা কেনে। তিন থেকে পাঁচ দিনের মধ্যে টাকা দিতে না পারলে সেই মোবাইল বিক্রি করে দেওয়া হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী হালিশহর ছোটপুল এলাকায় তার বাসা থেকে এরকম বন্ধকী ১৩টি মোবাইল উদ্ধার করা হয়।
তিনি জানান, দিদারকে গ্রেফতারের সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তার বাসা থেকে আরও ৩৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বাংলাধারা/এফএস/এআই












