বাংলাধারা প্রতিবেদন »
নগরীর কোতোয়ালী থানাধীন রিয়াজ উদ্দিন বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭।
মঙ্গলবার (১৫ অক্টোবর) রাত ৮ টার দিকে নগরীর রিয়াজ উদ্দিন বাজারস্থ ফল গলির পাশে কর্ণফুলী টাওয়ারের ২য় তলায় জামান হোটেলের ভিতর অভিযানটি পরিচালনা করা হয়। আটককৃতের নাম- প্রদীপ ধর (৩১)। সে কক্সবাজার জেলার রামু থানার বনিকপাড়ার নীলাকান্ত ধরের ছেলে।
র্যাব-৭ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে নগরীর কোতোয়ালী থানাধীন রিয়াজ উদ্দিন বাজারস্থ ফল গলির পাশে কর্ণফুলী টাওয়ারের ২য় তলায় জামান হোটেলের ভিতর কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় এর উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে গতকাল রাত ৮ টার দিকে অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে প্রদীপ ধর (৩১) কে আটক করা হয়। পরবর্তীতে তার সাথে থাকা ব্যাগ তল্লাশী করে ৩ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে প্রদীপ ধর জানায়, সে দীর্ঘদিন যাবত কক্সবাজার থেকে কম মূল্যে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে নগরীর বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ী এবং মাদক সেবীদের কাছে অধিক মূল্যে বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় ১৯ লাখ টাকা।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নগরীর কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাধারা/এফএস/টিএম












