বাংলাধারা প্রতিবেদন »
নগরীর শুলকবহরে অভিযান চালিয়ে কথিত যুবলীগ নেতা নুরুল মোস্তফা টিনুকে র্যাব সদস্যরা আটক করেছে।
রোববার রাত সোয়া ১২টায় নগরের শুলবহর এলাকা থেকে তাকে আটক করা হয়। র্যাবের ভাষ্য, টিনুর কাছ থেকে একটা পিস্তল, ৫ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন পাওয়া গেছে।
কথিত এ যুবলীগ নেতাকে নিয়ে রাতভর অভিযান শেষে তার তত্ত্বাবধানে থাকা একটি বিদেশি পিস্তল, একটি বিদেশী শটগান, একটি ম্যাগাজিন ও মোট ৭২ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব।
এছাড়াও নগরীর কাপাসগোলা এলাকায় টিনুর বাসায় অভিযানে যায় র্যাব। সেখানে রাতভর তল্লাশি চালানো হয়। এ সময় বিদেশি শটগান ও ৬৭ রাউন্ড গুলি উদ্ধারের পাশাপাশি টিনুর সহযোগি জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
প্রসঙ্গত নুর মোস্তফা টিনু চট্টগ্রাম নগরের চকবাজার ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ছিলেন। এখন নিজেকে নগর যুবলীগ নেতা দাবি করেন তিনি। চকবাজার এলাকা ঘিরে বিভিন্ন প্রতিষ্ঠান এমনকি ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী, ট্যাক্সি-টেম্পু স্ট্যান্ড থেকে চাঁদাবাজি করেন টিনু এমন অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে নগরীর পাঁচলাইশ ও চকবাজার এলাকায় জমি দখল ও নিয়মিত চাঁদাবাজির অভিযোগও আছে।
বাংলাধারা/এফএস/এমআর/এএ












