১৪ মার্চ ২০২৬

নতুন বইয়ের সাথে দুই হাজার টাকাও পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা

বাংলাধারা ডেস্ক »

নতুন বছর দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন বইয়ের সঙ্গে দুই হাজার টাকাও পাবে। তাদের স্কুলের পোশাক কেনার জন্য এ টাকা দেওয়া হবে বলে বলেছেন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

কুড়িগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ের স্বপ্নকুঁড়ি সম্মেলন কক্ষে আজ শনিবার প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন সংক্রান্ত মতবিনিময় সভায় এ কথা বলেন প্রতিমন্ত্রী।

জেলা প্রশাসক সুলতানা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বদরুল হাসান বাবুল, রংপুর বিভাগীয় উপপরিচালক আবদুল ওহাব, অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আহসান হাবীব, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ প্রমুখ।

জেলার সব উপজেলার নির্বাহী কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা, সহকারী শিক্ষা কর্মকর্তা, সহকারী উপজেলা ইনস্ট্রাক্টর, ইউআরসি ইনস্ট্রাক্টর, পিটিআই ইনস্ট্রাক্টর, উপজেলা প্রকৌশলী, প্রমুখ উপস্থিত ছিলেন।

আনন্দঘন পরিবেশে পাঠদান নিশ্চিত করতে বিদ্যালয়গুলো দৃষ্টিনন্দন ও আধুনিকায়ন করা হচ্ছে জানান গণশিক্ষা প্রতিমন্ত্রী। বলেন, আকর্ষণীয় করে সাজানো হচ্ছে শ্রেণিকক্ষ।

বর্তমান সরকারকে শিক্ষাবান্ধব সরকার বলে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘মেধাবী জাতি গঠনে প্রাথমিক শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দোয়া হচ্ছে।’

শিক্ষাক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে হুঁশিয়ারি করে প্রতিমন্ত্রী বলেন, ‘মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার জন্য নেওয়া বিভিন্ন প্রকল্পে যারা দুর্নীতি করছে তারা কেউ মাপ পাবে না। তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দুর্নীতির ব্যাপারে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছেন।’

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ