জেলা প্রতিনিধি, কক্সবাজার»
কক্সবাজারের ঈদগাঁওতে মাছ ধরার জাল বসানো নিয়ে বিরোধের জেরে নৌকার বৈঠা নিয়ে কয়েক জেলের প্রহারে আরেক জেলে খুন হয়েছেন। মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকালে উপজেলার পোকখালী ইউনিয়নের গোমাতলীতে ঈদগাঁও নদীর মোহনায় এ ঘটনা ঘটে।
নিহত জেলে আবদুর রহিম (৪০) ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ড উত্তর গোমাতলী রাজঘাট (রিফুজিঘোনা) গ্রামের মৃত আবু আহমদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জেলে আবদুর রহিম প্রতিদিনের মতো বাড়ির পূর্ব পাশে নদী মোহনায় মাছ ধরতে যান। এ সময় নদীর একই পয়েন্টে জাল বসানোকে কেন্দ্র করে অপর এক জেলের সাথে তার বাক-বিতণ্ডা হয়। এর জের ধরে অপর জেলে নৌকার উপরেই আবদুর রহিমের মাথায় নৌকার বৈঠা দিয়ে উপুর্যুপরি আঘাত করে। এতে হতভাগা জেলে আবদুর রহিম অজ্ঞান হয়ে পড়েন। ঘটনার পর অনতিদূরে থাকা অপর জেলে ও লোকজন এগিয়ে আসলে ঘাতক জেলেরা পালিয়ে যান।
নিহতের বড় ভাই জামাল হোসেন জানান, আমাদের বাড়ির পাশের নদীতে জাল বসানোকে কেন্দ্র করে নদীর অপর পাড়ের ইসলামপুর ইউনিয়নের খাঁন ঘোনার আমানু নামের এক জেলে আমার ভাই রহিমের মাথায় আঘাত করে। এতে তার অধিক পরিমাণে রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই নিস্তেজ হয়ে যান আবদু রহিম। পরে অন্যরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। তবে এখনো পর্যন্ত মামলা প্রক্রিয়াধীন। নিহতের লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে।
বাংলাধারা/এফএস/এফএস












