কক্সবাজার প্রতিনিধি »
কক্সবাজারের বাঁকখালী নদীর রামু অংশে গোসল করতে নেমে পানিতে তলিয়ে নিখোঁজ হওয়ার ৫ ঘন্টা পর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছে দমকল বাহিনী।
রোববার (১২ এপ্রিল) বিকাল সাড়ে ৫ টার দিকে কক্সবাজারের ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলের অদূরে দক্ষিণ চাকমারকুল মিয়াজী পাড়ার নতুন ব্রীজ সংলগ্ন বাঁকখালী নদীর তলদেশ থেকে তার মরদেহ উদ্ধার করে।
এর আগে বেলা সাড়ে ১২টার দিকে বন্ধুদের সাথে নদীতে গোসলে নেমে পানিতে ডুবে যায় ইমন (১৩) নামের স্কুল শিক্ষার্থীটি।
নিহত ইমন (১৩) চাকমারকুল ইউনিয়নের দক্ষিণ চাকমারকুল মিয়াজী পাড়ার জসিম উদ্দিনের ছেলে ও বাংলা বাজার আইডিয়াল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র।
সহপাঠীরা বলেন, আমরা কয়েকজন বন্ধু নদীর পাড়ে খেলে গোসল করতে নামলে সবাই সাঁতার কেটে একটু দূরে চলে যায়। পানির স্রোত কাটিয়ে আমরা উঠতে পারলেও ইমন উঠতে পারেনি। পরে আমরা ইমনকে খোঁজাখুঁজি করি ও স্থানীয় লোকজনকে জানালে তারা ফায়ার সার্ভিস অফিসে খবর দেয়।
ইমনের বাবা জসিম উদ্দিন জানান, ইমন আমার দুই ছেলের মধ্যে বড় ছেলে। সে তার মাকে বলে নদীর পাড়ে বন্ধুদের সাথে খেলতে যায়।
কক্সবাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ ইদ্রিস জানান, খবর পেয়ে সাথে সাথেই বাঁকখালী নদীতে উদ্ধার তৎপরতায় নামি। কিন্তু দুর্ভাগ্যজনক তাকে জীবিত উদ্ধার করতে পারিনি।
রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা বিষয়টি নিশ্চিত করে জানান, নদীতে শিক্ষার্থী নিখোঁজের খবর পেয়ে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল আনা হয়। তারা প্রায় তিন ঘন্টা প্রচেষ্টা চালিয়ে তার মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।
উল্লেখ্য, বাঁকখালী নদীর এ অংশে প্রায় প্রতি বছরই শিশু-কিশোর-যুবা বা বয়োবৃদ্ধ লোকজনের সলিল সমাধির ঘটনা ঘটে।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












