বাংলাধারা ডেস্ক »
জয়পুরহাট সদর উপজেলার করিম নগর গ্রামে নানা বেলাল উদ্দিনকে গলা কেটে হত্যা করেছে তার নাতি বায়েজিদ হোসেন। বুধবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। বেলাল উদ্দিন ওই গ্রামের মৃত আজিজ উদ্দিনের ছেলে। বায়েজিদ একই উপজেলার পারুলিয়া গ্রামের লিটন হোসেনের ছেলে। ঘটনার পরপরই তাকে আটক করেছে পুলিশ।
প্রতিবেশীরা জানায়, প্রায় ৮/১০ বছর ধরে বায়েজিদ নানার বাড়িতে থাকে ও পার্শ্ববর্তী একটি মাদ্রসায় লেখাপড়া করে। বুধবার সকালে নানা বেলাল উদ্দিন বাড়িতে বসে কাজ করছিলেন। এ সময় বায়েজিদ তরকারি কাটার বটি দিয়ে তার নানা বেলাল উদ্দিনকে গলা কেটে হত্যা করে।
জয়পুরহাট সদর থানার ওসি (তদন্ত) রায়হান হোসেন জানান, স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে বায়েজিদকে আটক করে। লাশ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ জানতে বায়েজিদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সূত্র : সমকাল
বাংলাধারা/এফএস/এমআর/এএ












