স্পোর্টস ডেস্ক »
অবশেষে সত্যি হল গুঞ্জন। পিতৃত্বকালীন ছুটির জন্য নিউজিল্যান্ড সফর থেকে নিজেকে সরিয়ে নিলেন সাকিব আল হাসান। তৃতীয় সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে ছুটি চেয়েছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, নিউজিল্যান্ড সফর থেকে ছুটি চেয়েছে সাকিব। বোর্ড কারণ বিবেচনা করে তাকে ছুটি দিয়েছে।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সাকিবের কাছ থেকে ছুটির একটা চিঠি পেয়েছিলাম। সে নিউজিল্যান্ড সফরে না থেকে যুক্তরাষ্ট্রে সন্তান সম্ভবা স্ত্রীর কাছে থাকতে চেয়েছে। বিসিবি তার এই ছুটি মঞ্জুর করেছে ।
এক বছরের নিষেধাজ্ঞা শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিরে ওয়ানডে সিরিজে দারুণ পারফরম্যান্স দেখান সাকিব। হন সিরিজ সেরা। দুই টেস্টের প্রথমটিতে চট্টগ্রামে এক ইনিংস ব্যাট করেও ছিলেন ছন্দে।
প্রথম টেস্টে ফিল্ডিং করার সময় উরুতে চোট পেয়েছিলেন । যার ফলে শেষ টেস্ট থেকে ছিটকে গেছেন।
নিউজিল্যান্ডের মাটিতে সাকিব তার টেস্ট ক্যারিয়ারের এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ ২১৭ রান করেছিলেন। নিউজিল্যান্ডের মাটিতে এই পর্যন্ত চার টেস্ট খেলে সাকিব ৫১৭ রান করেছেন ।
প্রসঙ্গত, নিউজিল্যান্ড সফরের জন্য বাংলাদেশ দল ঢাকা ছাড়বে ২০ ফেব্রুয়ারি। সফরটি নির্ধারিত সময়ের চেয়ে পেছানো হয়েছে এক সপ্তাহ। যেটি এখন শুরু হবে ২০ মার্চ। নতুন সূচিতে ওয়ানডে অনুষ্ঠিত হবে ২০, ২৩ ও ২৬ মার্চ। ভেন্যু যথাক্রমে ডানেডিন, ক্রাইস্টচার্চ ও ওয়েলিংটন। এর পরই হবে টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচ হবে ২৮ মার্চ। পরের দুটি ৩০ মার্চ ও ১ এপ্রিল। ভেন্যুগুলো হচ্ছে হ্যামিল্টন, নেপিয়ার ও অকল্যান্ড।
বাংলাধারা/এফএস/এইচএফ/এমএস












