বাংলাধারা প্রতিবেদন »
রাঙ্গুনিয়ায় পারুয়া ইউনিয়নে নিখোঁজের তিনদিন পর পুকুর থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ জানুয়ারি) সকাল ৮ টায় পারুয়া ইউনিয়নের শাহাব্দীনগর স্কুল এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত তপু মালা (২৫) একটি ফার্নিচার দোকানের কর্মচারী।
জানা যায়, শনিবার (২ জানুয়ারি) প্রতিদিনের ন্যায় কর্মস্থলের উদ্দেশে ৮টায় ঘর থেকে বের হন তপু মালা। কিন্তু সন্ধ্যা গড়িয়ে রাতেও তিনি বাড়িতে না ফেরায় দুশ্চিন্তায় পড়ে যায় স্বজনরা। পরদিন রবিবার অনেক খুঁজাখোঁজির পরও পাওয়া যায়নি তাকে। এতে নিখোঁজের তৃতীয় দিন সোমবার রাঙ্গুনিয়া থানায় একটি জিডি করেন তপুর পরিবার।
মৃত তপু মালার আত্মীয় তপন দে জানান, ঘরে ফিরতে দেরি হলে তপুকে ফোন করতে থাকে পরিবার থেকে, ওদিক থেকেও কোন ফোন না আসায় বাড়ির সবাই দুশ্চিতায় পড়ে যায়। পরেরদিন রবিবার সকালে তপুর নম্বর থেকে কল আসে, কিন্তু কণ্ঠ শুনে বোঝা গেলো এটা তপুর কণ্ঠ নয়। পরবর্তীতে আবার কল দিলে নম্বর বন্ধ পাওয়া যায়। আজ সকাল ৮ টায় স্থানীয় একজন শাহাব্দীনগর স্কুল এলাকার পুকুরে লাশ ভাসতে দেখে। পরে পুকুর থেকে লাশ উদ্ধার করে রাঙ্গুনিয়া থানায় খবর দেন।
এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) মাহাবুব মিল্কী বলেন, ‘পারুয়া ইউনিয়নে গত ২ জানুয়ারি তপু মালা নামে ওই যুবক নিখোঁজ হন। আজ সকালে এলাকার একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। তবে তার গায়ে কোন আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। ময়তদন্তের পর বিস্তারিত জানা যাবে।’
বাংলাধারা/এফএস/এইচএফ








