বাংলাধারা প্রতিবেদন »
নিজের শিশু সন্তানকে নিয়ে বাইরে বের হয়ে ছেলেধরা সন্দেহে গণপিটুনির শিকার হয়েছেন এক মা। তবে কয়েকজন যুবকের সহায়তায় একটি ওষুধের দোকানে ঢুকে প্রাণ রক্ষা হয় তার। ওই যুবকরা এগিয়ে না আসলে তাকেও হয়তো রেনুর ভাগ্য বরণ করতে হতো।
মঙ্গলবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। তবে গত শনিবার (২০ জুলাই) নগরীর বন্দর থানাধীন ইপিজেড ২নং পকেট গেইট মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
ওই দোকানের মালিক মোহাম্মদ ইব্রাহিম এক ফেসবুক পোস্টে জানান, ছেলেধরা সন্দেহে এক পথচারী ওই নারীকে মারধর করা শুরু করেন। এরপর আশপাশের আরও মানুষ তার ওপরে হামলে পড়ে।
একপর্যায়ে কয়েকজন যুবকের সহায়তায় জে এফ মেডিকেল হল নামে পাশের ফার্মেসি দোকানে ঢুকে পড়েন রক্তাক্ত ওই নারী। এ সময় তার নিজের ছেলেকেই আঁকড়ে ধরে ছিলেন তিনি।
ফার্মেসির সিসিটিভি ফুটেজে পুরো ঘটনাটি উঠে আসে। ওষুধের দোকানের মালিক ইব্রাহিম বলেন, “মারধরের একপর্যায়ে ওই নারী আত্মরক্ষার্থে আমার দোকানে ঢুকে পড়েন। জনতা সেখানেও ঢুকে মারধরের চেষ্টা চালায়। একপর্যায়ে আমরা দোকানের শাটার বন্ধ করে দিতে বাধ্য হই।”
তিনি আরও বলেন, “আমরা পার্শ্ববর্তী দোকানের মালিক-কর্মচারীর সহায়তায় ওই নারীকে পুলিশের হাতে তুলে দিই। পরবর্তীতে জানতে পারি ওই নারীর সঙ্গে থাকা ছেলেটি তারই সন্তান।”
আহত নারীর সঙ্গে থাকা আইডি কার্ডে দেখা যায়, তার নাম সালমা জাহান। তিনি একটি গার্মেন্টসের সুইং অপারেটর। একই এলাকার বাসিন্দা ওই নারী নিজের শিশুকে নিয়ে কোনো কাজে বের হয়েছিলেন।
বাংলাধারা/এফএস/এমআর












